চাঁদাবাজি মামলায় এনসিপির বিভাগীয় নেতাসহ ৫ জন গ্রেফতার
অপহরণের পর মুক্তিপণ দাবি করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রংপুর বিভাগের এক নেতাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশ।সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় দিনাজপুরের গোর-এ শহীদ ময়দান এলাকা থেকে একটি সাদা প্রাইভেটকারসহ তাদের গ্রেফতার করা হয়। এ সময় অপহৃত কৃষক আব্দুস সামাদকে উদ্ধার এবং তার ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল ফোনও উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন— জাতীয় যুব নাগরিক শক্তির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. আরিফ মুন (২৯), হাসিন ইশরাক মিম (২২), আজমির হোসেন (২২), সাজিদুল মিনহাজ (২১) এবং হৃদয় হোসেন (২২)। তাদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।মামলার বাদী অপহৃত আব্দুস সামাদের ছেলে মো. মামুন (৩৬)। তিনি দিনাজপুর সদর উপজেলার ২ নম্বর সুন্দরবন ইউনিয়নের খোশালপুর পুকুরপাড়া গ্রামের বাসিন্দা। অভিযোগে তিনি জানান, অপহরণের পর তার বাবাকে অজ্ঞাত স্থানে আটকে রেখে মুক্তির শর্ত হিসেবে ১২ লাখ টাকা দাবি করা হয়। অভিযুক্তরা জানায়, নির্ধারিত স্থানে টাকা পৌঁছে দিলে আব্দুস সামাদকে মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ ছেড়ে দেওয়া হবে।অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে গোর-এ শহীদ ময়দান এলাকা থেকে অপহৃত আব্দুস সামাদকে উদ্ধার করে এবং অভিযুক্ত পাঁচজনকে আটক করে। এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৫ জুলাই রাত ৯টার দিকে আব্দুস সামাদ তার ইয়ামাহা স্যালুটো ১২৫ সিসি মোটরসাইকেল ও মোবাইল ফোন নিয়ে সদর উপজেলার পল্লী বিদ্যুৎ পাঁচ মাইল এলাকায় দ্বিতীয় স্ত্রী রেনু বেগমের বাড়িতে যান। সেখানে অভিযুক্তরা ও অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জন তাকে, তার নাতি রিফাত ইসলাম (১৪) এবং অন্যদের মারধর করে। পরে রুবেল ডাকাত ও রোহানের নাম ব্যবহার করে ভয়ভীতি দেখিয়ে আব্দুস সামাদকে তার মোটরসাইকেল ও মোবাইলসহ অপহরণ করে নিয়ে যায় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।এদিকে গ্রেফতারের পর এনসিপির কয়েকজন নেতাকর্মী থানায় গিয়ে আটক ব্যক্তিদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরাও থানায় অবস্থান নেন। এ সময় কয়েকজন সংবাদকর্মীর সঙ্গে এনসিপির কিছু নেতাকর্মীর বাকবিতণ্ডা ও দুর্ব্যবহারের ঘটনাও ঘটে বলে জানা গেছে।পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মামলার তদন্ত চলমান রয়েছে।স্কাই টাইমস/ এমএ / ০৭ জুলাই