সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ

রাজধানীতে চলমান গ্যাস সংকট এবং গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তর। শনিবার (১ আগস্ট) রাজধানীর কাওরান বাজারে হোটেল সোনারগাঁওয়ের সামনে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে দলটির নেতাকর্মীরা পেট্রোবাংলার প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।কর্মসূচিতে এনসিপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী আরিফুল ইসলাম আদীব, মহানগর উত্তরের নেতাকর্মী, বিভিন্ন থানা ও ওয়ার্ডের প্রতিনিধি এবং গ্যাস সংকটে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ অংশ নেন।সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের স্বল্পতায় সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। অনেক পরিবার নিয়মিত রান্না করতে পারছে না, সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের সংকটে পরিবহন খাত ব্যাহত হচ্ছে এবং শিল্পকারখানার উৎপাদনও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমন পরিস্থিতিতে গ্যাসের মূল্য বাড়ানোর উদ্যোগ গ্রহণ অযৌক্তিক বলে মন্তব্য করেন তারা।বক্তারা আরও বলেন, দেশের সমুদ্রসীমায় থাকা গ্যাসক্ষেত্রগুলোর সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশীয় গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করারও আহ্বান জানান তারা।এনসিপির নেতারা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত গ্যাস সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব প্রত্যাহারের দাবি জানান তারা।সমাবেশে বক্তব্যে আরিফুল ইসলাম আদীব বলেন, জনগণের মৌলিক সেবা নিশ্চিত না করে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করা হলে তা জনগণ মেনে নেবে না। তিনি অভিযোগ করেন, গ্যাসের মূল্য বৃদ্ধির উদ্যোগ বাস্তবায়নের চেষ্টা করা হলে এনসিপি বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে।তিনি আরও বলেন, পেট্রোবাংলার প্রস্তাব কার্যকর করার উদ্যোগ নেওয়া হলে ঢাকাবাসীকে সঙ্গে নিয়ে পেট্রোবাংলা ভবন অবরোধের কর্মসূচি দেওয়া হবে। প্রয়োজন হলে ভবন ঘেরাও করে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ জানানো হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।গ্যাস সংকটের কারণে সাধারণ মানুষের ভোগান্তির কথা তুলে ধরে আরিফুল ইসলাম আদীব বলেন, অনেক পরিবার প্রতিদিন রান্না করতে পারছে না। এর প্রতীকী প্রতিবাদ হিসেবে অনেক নারী খালি হাঁড়ি-পাতিল নিয়ে কর্মসূচিতে অংশ নিয়েছেন। তিনি দাবি করেন, দ্রুত সংকটের সমাধান না হলে আরও বৃহত্তর গণআন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।এ সময় সাম্প্রতিক সময়ে এনসিপির ওপর হামলার অভিযোগ তুলে তিনি বলেন, জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে দলটি অতীতের মতো ভবিষ্যতেও রাজপথে সক্রিয় থাকবে এবং কোনো হামলা বা বাধা তাদের কর্মসূচি থেকে বিরত রাখতে পারবে না।কর্মসূচি শেষে এনসিপির পক্ষ থেকে জানানো হয়, গ্যাস সংকট নিরসন এবং মূল্যবৃদ্ধির প্রস্তাব প্রত্যাহার না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত থাকবে। অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন এনসিপি ঢাকা মহানগর উত্তরের সহ-সাংগঠনিক সম্পাদক মো. নুর আমিন খান।স্কাই টাইমস/ এমএ/ ০২ আগস্ট

গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ