মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

মন্ত্রীসভায় অনুমোদন: গুমের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন, পরিবার পাবে ক্ষতিপূরণ

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা। আইনটি কার্যকর হলে গুম একটি স্বতন্ত্র, আমলযোগ্য, জামিন-অযোগ্য ও আপস-অযোগ্য ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে। এতে গুমের অপরাধে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। পাশাপাশি ভুক্তভোগী ও তাদের পরিবারের জন্য ক্ষতিপূরণ, পুনর্বাসন এবং আইনগত সহায়তার ব্যবস্থাও রাখা হয়েছে।সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে খসড়াটি লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে অনুমোদন দেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে।বিজ্ঞপ্তিতে বলা হয়, মানবাধিকার, ব্যক্তি-স্বাধীনতা, মানবিক মর্যাদা এবং আইনের শাসন নিশ্চিত করার লক্ষ্যেই এ আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। আইনে গুম প্রতিরোধ, দায়ীদের বিচার, নিখোঁজ ব্যক্তির সন্ধান এবং ভুক্তভোগী ও তাদের পরিবারের অধিকার সুরক্ষায় একটি সমন্বিত আইনগত কাঠামো তৈরি করা হয়েছে।খসড়া আইনে আদালতের মাধ্যমে তল্লাশি পরোয়ানা জারি, অভিযুক্তের অনুপস্থিতিতে বিচার, ডিজিটাল সাক্ষ্য গ্রহণ, এবং সাক্ষী, অভিযোগকারী, তথ্যদাতা ও ভুক্তভোগীর নিরাপত্তা ও পরিচয় গোপন রাখার বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে।এছাড়া ভুক্তভোগী পরিবার তদন্তের অগ্রগতি, ঘটনার প্রকৃত তথ্য এবং নিখোঁজ ব্যক্তির অবস্থান বা পরিণতি জানার অধিকার পাবে। সরকারি আইনগত সহায়তা, চিকিৎসা, পুনর্বাসন এবং ক্ষতিপূরণ তহবিল গঠনের ব্যবস্থাও রাখা হয়েছে। দণ্ডিত ব্যক্তির সম্পত্তি থেকে ক্ষতিপূরণ আদায় করা না গেলে রাষ্ট্র ক্ষতিপূরণ প্রদান করবে।আইনে আরও বলা হয়েছে, গুম হওয়া ব্যক্তির স্ত্রী ও নির্ভরশীল পরিবারের সদস্যদের ভরণপোষণের জন্য সংশ্লিষ্ট ব্যক্তির সম্পত্তি ব্যবহারের সুযোগ থাকবে। নিখোঁজের পাঁচ বছর পর উত্তরাধিকারীদের মধ্যে সম্পত্তি বণ্টনের জন্য গুম সনদ প্রদানের বিধানও যুক্ত করা হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় তথ্যভান্ডার সংরক্ষণ এবং গুমসংক্রান্ত আন্তর্জাতিক সহযোগিতার বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে।খসড়া অনুযায়ী, গুম-সংক্রান্ত মামলার তদন্ত সর্বোচ্চ ১২০ দিনের মধ্যে শেষ করতে হবে এবং বিচারও আরও ১২০ দিনের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।শাস্তির বিষয়ে বলা হয়েছে, গুমের ঘটনায় সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া যাবে। আর গুমের ফলে কোনো ব্যক্তির মৃত্যু ঘটলে, মরদেহ উদ্ধার হলে অথবা পাঁচ বছর পরও নিখোঁজ ব্যক্তিকে জীবিত বা মৃত অবস্থায় খুঁজে না পাওয়া গেলে, সংশ্লিষ্ট অপরাধের জন্য মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি সর্বোচ্চ এক কোটি টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।স্কাই টাইমস/ এমএ/ ০৩ আগস্ট

মন্ত্রীসভায় অনুমোদন: গুমের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন, পরিবার পাবে ক্ষতিপূরণ