গণভোটের রায় বাস্তবায়ন না করে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে সরকার: নাহিদ ইসলাম
বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন না করে বর্তমান সরকার জনগণের প্রত্যাশার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।বৃহস্পতিবার (১৬ জুলাই) রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় এনসিপির নেতারা শহীদ পরিবারের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন।নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর তাদের তিনটি প্রধান দাবি ছিল—বিচার, সংস্কার এবং নির্বাচন। তার ভাষ্য অনুযায়ী, নির্বাচন সম্পন্ন হলেও বিচার ও সংস্কারের ক্ষেত্রে জনগণের প্রত্যাশা এখনো পূরণ হয়নি। তিনি বলেন, আবু সাঈদ হত্যা মামলার রায় হলেও সেটি এখনো কার্যকর হয়নি।তিনি আরও দাবি করেন, গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিলেও সরকার সেই রায়ের বাস্তবায়ন করেনি। সরকারের পক্ষ থেকে জুলাই সনদ বাস্তবায়নের কথা বলা হলেও তা কেবল মৌখিক আশ্বাস বলেই মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ৩১ দফা ও সংবিধান সংস্কারের প্রতিশ্রুতিও বাস্তবায়িত হয়নি।জুলাই আন্দোলন সংশ্লিষ্ট হত্যা মামলাগুলোর রায় দ্রুত কার্যকর করার দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, জনগণ এখন ঘোষিত রায়গুলোর বাস্তব প্রয়োগ দেখতে চায়। তিনি শহীদ আবু সাঈদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করার আহ্বান জানান। পাশাপাশি অন্যান্য মামলার বিচার দ্রুত শেষ করে রায় বাস্তবায়নেরও দাবি জানান, যাতে নিহতদের পরিবার ও ক্ষতিগ্রস্তরা ন্যায়বিচার পান।সরকার ও বিরোধী দলের সমন্বয়ে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, সরকার যদি আন্তরিকভাবে সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে চায়, তাহলে সে বিষয়ে তারা সহযোগিতা করতে প্রস্তুত। বিচার, সংস্কার, ফ্যাসিবাদের অবসান এবং স্বাধীন পররাষ্ট্রনীতির মতো জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার ও বিরোধী দলের বিভাজনের পরিবর্তে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।তবে তিনি অভিযোগ করেন, সরকারের আচরণে সেই আন্তরিকতার প্রতিফলন দেখা যাচ্ছে না। তার মতে, গণভোটের রায়ের ভিত্তিতেই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। অন্য কোনো ভিত্তিতে তা বাস্তবায়নের চেষ্টা হলে সেখানে এনসিপির সহযোগিতা বা অংশগ্রহণ থাকবে না।এ সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।স্কাইটাইমস/টিএম/১৬ জুলাই