এতদিন কোথায় ছিল খামেনির লাশ
দেশজুড়ে ব্যাপক প্রস্তুতির মধ্য দিয়ে আজ শুক্রবার (৩ জুলাই) ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনসংক্রান্ত আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়েছে। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরান ও ইরাকের অন্তত পাঁচটি শহরে সাত দিনব্যাপী শোকানুষ্ঠান ও শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, বৃহস্পতিবার (২ জুলাই) রাতে খামেনির মরদেহ রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় নেওয়া হয়। শনিবার (৪ জুলাই) সেখানে প্রধান জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে বিপুলসংখ্যক শোকাহত মানুষ, বিভিন্ন দেশের প্রতিনিধি এবং উচ্চপর্যায়ের কর্মকর্তাদের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, জাতীয় পতাকায় মোড়ানো কফিনটি গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণে নিয়ে যাওয়া হচ্ছে। কালো পোশাকে শোকপালনকারীরা শেষ শ্রদ্ধা জানান। লাল ফুল ও সাদা প্রজাপতির প্রতীকী সাজসজ্জার মাধ্যমে অনুষ্ঠানস্থল প্রস্তুত করা হয়েছে। কেন চার মাস পর দাফন?খামেনি গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত হন বলে ইরান দাবি করেছে। ইসলামে সাধারণত মৃত্যুর পর দ্রুত দাফনের বিধান থাকলেও এবার তা সম্ভব হয়নি।ইরানি কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, মৃত্যুর পর দেশজুড়ে নিরাপত্তা পরিস্থিতি এবং চলমান যুদ্ধাবস্থার কারণে বড় পরিসরে জানাজা ও দাফনের আয়োজন করা সম্ভব হয়নি। পরিস্থিতি বিবেচনায় অনুষ্ঠান কয়েক মাস পিছিয়ে দেওয়া হয়।এতদিন মরদেহ কোথায় ছিল?খামেনির মরদেহ অস্থায়ীভাবে দাফন করা হয়েছিল এমন গুঞ্জন বিভিন্ন সময়ে ছড়ালেও ইরানি কর্তৃপক্ষ তা নাকচ করেছে। তাদের দাবি, পুরো সময় ইসলামি শরিয়াহ ও দেশের প্রচলিত আইন অনুসরণ করেই মরদেহ সংরক্ষণ করা হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সন্ত্রাসবিরোধী বিশেষজ্ঞ ড. মোহাম্মদ ওমর বলেন, ইসলামে রাসায়নিক পদার্থ ব্যবহার করে মরদেহ সংরক্ষণ বা এম্বামিং নিরুৎসাহিত করা হয়। তার ধারণা, খামেনির মরদেহ রাসায়নিক প্রক্রিয়ার পরিবর্তে অত্যন্ত নিম্ন তাপমাত্রার বিশেষ শীতল সংরক্ষণাগারে রাখা হয়েছিল।তার মতে, বিশেষ পরিস্থিতিতে শিয়া ইসলামি আইন অনুযায়ী দাফনে বিলম্ব করা এবং শীতল পরিবেশে মরদেহ সংরক্ষণের সুযোগ রয়েছে। একজন সর্বোচ্চ ধর্মীয় নেতার ক্ষেত্রে এমন সিদ্ধান্ত অস্বাভাবিক নয়।তিনি আরও বলেন, ইরানের ফরেনসিক মর্গগুলোতে বিভিন্ন কারণে দীর্ঘ সময় মরদেহ সংরক্ষণের নজির রয়েছে। তাই চার মাস ধরে শীতল সংরক্ষণাগারে মরদেহ রাখা দেশটির ধর্মীয় ও আইনি কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে পারে।তবে খামেনির মরদেহ ঠিক কোন প্রযুক্তিগত পদ্ধতিতে সংরক্ষণ করা হয়েছিল, সে বিষয়ে ইরান সরকার এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।তথ্যসূত্র: এনডিটিভি
স্কাই টাইমস/টিএম/৩ জুলাই