ক্ষতিকর উপাদান শনাক্ত, ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
ল্যাবরেটরি পরীক্ষায় স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ উপাদান ও মানগত ত্রুটি পাওয়ায় চার প্রতিষ্ঠানের আটটি পণ্য বাজার থেকে অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। একই সঙ্গে সংশ্লিষ্ট পণ্যগুলোর লাইসেন্স ও অনুমোদন পুনর্বহাল না হওয়া পর্যন্ত উৎপাদন, বিক্রি ও সরবরাহ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।সোমবার (২০ জুলাই) বিএসটিআই এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।বিএসটিআই জানিয়েছে, ফ্রেশ গার্ডেন অ্যাগ্রো রিসোর্সেসের ‘আমের আচার’ পরীক্ষায় অনুমোদিত মাত্রার চেয়ে অতিরিক্ত প্রিজারভেটিভ পাওয়া গেছে, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।এদিকে কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ‘বেলিসিমো’ ব্র্যান্ডের ‘রোটোন্ডো হ্যাজেলনাট কোটেড চকলেট’ আইসক্রিমে দুধের চর্বিহীন কঠিন অংশ (টোটাল মিল্ক সলিড নন-ফ্যাট) নির্ধারিত মানের চেয়ে বেশি পাওয়া গেছে।প্রসাধনী পণ্যের ক্ষেত্রে সবচেয়ে উদ্বেগজনক তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে বিএসটিআই। অলিভ বাংলাদেশ লিমিটেডের ‘লাবণ্য’ ব্র্যান্ডের কয়েকটি পণ্যে মানবদেহের জন্য ক্ষতিকর অণুজীব বা ব্যাকটেরিয়ার উপস্থিতি শনাক্ত হয়েছে। এসব পণ্যের মধ্যে রয়েছে মিল্ক স্কিন লোশন, অ্যালোভেরা স্কিন লোশন, ফেসওয়াশ মোরিংগা+মাচা, ফোমিং মিল্ক ও তুলসী ফেসওয়াশ এবং অ্যালোভেরা শ্যাম্পু।এ ছাড়া ডেকো ফুডস লিমিটেডের ‘ডেকো ফ্রুট ফান্ডা’ ব্র্যান্ডের ম্যাংগো ও অরেঞ্জ ফ্লেভারের সফট ড্রিংক পাউডারে প্রয়োজনীয় ভিটামিন ‘সি’-এর পরিমাণ নির্ধারিত মানের চেয়ে কম পাওয়া গেছে।ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে দেশের সব ডিলার, পরিবেশক ও খুচরা বিক্রেতাকে এসব পণ্য দ্রুত বাজার থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে বিএসটিআই।সংস্থাটি জানিয়েছে, নির্দেশনা বাস্তবায়ন নিশ্চিত করতে মাঠপর্যায়ে নিয়মিত তদারকি চালানো হবে। কোনো প্রতিষ্ঠান নির্দেশনা অমান্য করলে বা গাফিলতির প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।বিএসটিআইয়ের মহাপরিচালক কাজী ইমদাদুল হক ভোক্তাদের উদ্দেশে বলেন, কোনো পণ্য কেনার আগে অবশ্যই বিএসটিআইয়ের লোগো, লাইসেন্স নম্বর, উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ যাচাই করে নেওয়া উচিত। পণ্যের মান নিয়ে কোনো সন্দেহ বা অনিয়মের তথ্য পাওয়া গেলে দ্রুত বিএসটিআইকে অবহিত করার আহ্বান জানান তিনি। স্কাইটাইমস/টিএম/২০ জুলাই