মেজর (অব.) মোজাফফরের বিচার হবে জেনারেল কোর্ট মার্শালে: স্বরাষ্ট্রমন্ত্রী
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের (৭৭) বিচার সামরিক আদালতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, গ্রেপ্তারের পর তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে এবং জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে।সোমবার (২০ জুলাই) রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জিয়াউর রহমান হত্যা মামলার অন্য আসামিদের বিচারও সামরিক আদালতে হয়েছিল এবং সে সময় আদালতের বিভিন্ন পর্যবেক্ষণ রয়েছে। মেজর (অব.) মোজাফফর দীর্ঘদিন পলাতক ছিলেন এবং ভিন্ন পরিচয়ে পার্শ্ববর্তী একটি দেশে অবস্থান করছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।তিনি জানান, একই মামলায় আগে যাদের বিচার ও মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, তাদের রায়ের আলোকে মেজর (অব.) মোজাফফরের বিষয়ে কোনো আইনি পর্যবেক্ষণ প্রযোজ্য কি না, তা সামরিক আদালত বিবেচনা করবে।সালাহউদ্দিন আহমদ বলেন, সেনা সদস্যদের ক্ষেত্রে সামরিক আইন প্রযোজ্য। যেহেতু একই মামলার অন্যান্য আসামিদের বিচার সেনা আইনে হয়েছে, তাই তার বিচারও একই আইনি কাঠামোর আওতায় হবে। একই ঘটনায় একজন ব্যক্তির বিরুদ্ধে পৃথক দুটি আইনের অধীনে বিচার হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।এ সময় মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ ও ল্যান্ডমাইন শনাক্তকরণ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ল্যান্ডমাইন শনাক্তে প্রয়োজনীয় যন্ত্রপাতি ইতোমধ্যে বিজিবিকে দেওয়া হয়েছে এবং সদস্যরা তা ব্যবহার করছেন, যাতে দুর্ঘটনা এড়ানো যায়।তিনি বলেন, মিয়ানমার সীমান্ত বর্তমানে অত্যন্ত স্পর্শকাতর ও ঝুঁকিপূর্ণ। সেখানে মিয়ানমারের সরকারি বাহিনী ও আরাকান আর্মিসহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সংঘাতের প্রভাব বাংলাদেশের সীমান্তেও পড়ছে। পাশাপাশি মাদক চোরাচালান, সীমান্তে গোলাগুলি ও নিরাপত্তাজনিত নানা ঝুঁকিও রয়েছে।এসব পরিস্থিতি বিবেচনায় নিয়ে মিয়ানমার সীমান্তে ১০৯ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণের একটি প্রস্তাব সরকারের বিবেচনায় রয়েছে বলে জানান তিনি। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।ভারত থেকে কথিত ‘পুশইন’ ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ কাউকে অবৈধভাবে দেশে প্রবেশ করানোর সুযোগ দেয়নি। বিজিবি ও সীমান্তবর্তী জনগণের সহযোগিতায় এ ধরনের প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে।তিনি আরও বলেন, সীমিত পরিসরে কিছু অবৈধ অনুপ্রবেশের ঘটনা ঘটলেও সেগুলোর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে কাউকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে দেওয়ার সুযোগ দেওয়া হয়নি।সালাহউদ্দিন আহমদ বলেন, বিদেশে অবস্থানরত কোনো ব্যক্তি বাংলাদেশি নাগরিক হলে তাকে ফেরত পাঠানোর ক্ষেত্রে কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। নাগরিকত্ব ও জাতীয় পরিচয় যাচাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা মেনে তাদের দেশে ফিরিয়ে আনা হবে। এর বাইরে কাউকে গ্রহণ করা হবে না।বিজিবির সাম্প্রতিক কর্মকাণ্ডের স্বীকৃতি প্রসঙ্গে তিনি বলেন, বাহিনীর সদস্যদের সাহসিকতা ও দায়িত্বশীল ভূমিকার জন্য প্রতি বছর পদক দেওয়া হয়। সাম্প্রতিক ‘পুশইন’ ইস্যুতে বিজিবির ভূমিকার জন্য পদকের পাশাপাশি বিশেষ সনদ বা অন্য ধরনের স্বীকৃতি দেওয়ার বিষয়েও বিজিবির মহাপরিচালকের সঙ্গে আলোচনা করা হবে। তার মতে, এ ধরনের স্বীকৃতি বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে।স্কাইটাইমস/টিএম/২০ জুলাই