জার্নাল প্রত্যাহার কেন ঘটে? সব ক্ষেত্রেই কি চৌর্যবৃত্তির ফল?
সম্প্রতি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের একাধিক গবেষণাপত্র (রিসার্চ আর্টিকেল) আন্তর্জাতিক জার্নাল থেকে প্রত্যাহার (Retract) হওয়ার খবর প্রকাশের পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকের মনে প্রশ্ন উঠেছে—জার্নাল থেকে কোনো গবেষণাপত্র প্রত্যাহার বা Retraction মানেই কি গবেষণায় চৌর্যবৃত্তি (Plagiarism)? গবেষকরা বলছেন, বিষয়টি এতটা সরল নয়।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. দিদারে আলম মুহসিন এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিশ্লেষণে বলেন, সাধারণ মানুষের মধ্যে এমন ধারণা তৈরি হয়েছে যে, Retraction মানেই গবেষণায় চৌর্যবৃত্তি। কিন্তু বাস্তবে একটি গবেষণাপত্র প্রত্যাহারের পেছনে নানা ধরনের কারণ থাকতে পারে এবং সব ক্ষেত্রেই সেটি অসদাচরণ বা প্রতারণার ফল নয়।রিট্র্যাকশন কী?গবেষণাপত্র প্রকাশের পর যদি দেখা যায় সেখানে গুরুতর ত্রুটি, তথ্যগত অসঙ্গতি, গবেষণা পদ্ধতির সমস্যা, নৈতিকতার লঙ্ঘন কিংবা অন্য কোনো গুরুত্বপূর্ণ কারণে ফলাফল আর নির্ভরযোগ্য নয়, তখন সংশ্লিষ্ট জার্নাল নিবন্ধটি আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে। এই প্রক্রিয়াকেই Retraction বলা হয়।বিশেষজ্ঞদের মতে, রিট্র্যাকশনের উদ্দেশ্য গবেষণা-সাহিত্যকে সংশোধন করা এবং ভুল বা অবিশ্বস্ত তথ্যের ব্যবহার ঠেকানো।সব রিট্র্যাকশন কি চৌর্যবৃত্তির কারণে?ড. দিদারে আলম মুহসিনের মতে, অনেক সংবাদ এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যাতে সাধারণ পাঠকের মনে হয়েছে রিট্র্যাকশন মানেই চৌর্যবৃত্তি। অথচ বাস্তবে অনেক ক্ষেত্রে এটি অনিচ্ছাকৃত মানবীয় ভুল, তথ্য বিশ্লেষণের ত্রুটি, ডেটা উপস্থাপনায় অসাবধানতা, পরিসংখ্যানগত ভুল কিংবা প্রকাশ-পরবর্তী সমস্যার কারণেও হতে পারে।তার ভাষ্য, গঠনমূলকভাবে বিষয়টি উপস্থাপন করা হলে মানুষ বুঝতে পারত যে, সব রিট্র্যাকশন গবেষণা জালিয়াতির ফল নয়।ড. মুহসিন জানান, আন্তর্জাতিক ওয়েবসাইট Retraction Watch-এ অনুসন্ধান করে দেখা যায়, অনেক গবেষণাপত্রে ৭-৮ জন বা তারও বেশি লেখক থাকেন। তাদের মধ্যে হয়তো একজন মাত্র কোনো নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষার্থী।কিন্তু ওই নিবন্ধটি প্রত্যাহার হলে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নামও রিট্র্যাকশন তালিকায় যুক্ত হয়। এতে এমন একটি ধারণা তৈরি হতে পারে যে, পুরো গবেষণাটি ওই প্রতিষ্ঠানের দায়, যদিও এতে ইউরোপ, আমেরিকা বা অন্য দেশের গবেষকরাও সহলেখক হিসেবে যুক্ত ছিলেন।তার মতে, শুধু প্রতিষ্ঠানের নাম দেখে সামগ্রিক মূল্যায়ন করলে ভুল ধারণা সৃষ্টি হতে পারে।অধ্যাপক দিদারে আলম মুহসিন বলেন, গবেষণাপত্র প্রত্যাহার অবশ্যই কোনো প্রতিষ্ঠানের জন্য সুখকর বিষয় নয়। তবে অনেক ক্ষেত্রেই এটি অপরাধমূলক কর্মকাণ্ড নয়, বরং মানবীয় ভুলের ফল।তিনি আরও বলেন, প্রকাশনা সংস্থা বা জার্নালেরও এ ক্ষেত্রে দায়িত্ব রয়েছে। নিবন্ধ প্রকাশের পর তা প্রত্যাহার করার পরিবর্তে, পর্যালোচনা (Peer Review) ও সম্পাদনা প্রক্রিয়া আরও কঠোর হলে অনেক ত্রুটিপূর্ণ গবেষণাপত্র প্রকাশই হতো না। কী কী কারণে একটি গবেষণাপত্র প্রত্যাহার হতে পারে?গবেষণা প্রকাশনা সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী সাধারণত নিচের কারণগুলোতে একটি নিবন্ধ প্রত্যাহার হতে পারে—* চৌর্যবৃত্তি (Plagiarism)* তথ্য বা উপাত্ত জালিয়াতি (Data fabrication/falsification)* গুরুতর তথ্যগত বা পরিসংখ্যানগত ভুল* একই গবেষণা একাধিক জার্নালে প্রকাশ (Duplicate publication)* গবেষণা নৈতিকতার লঙ্ঘন* লেখকত্ব (Authorship) সংক্রান্ত জটিলতা* প্রকাশ-পরবর্তী এমন ত্রুটি, যা গবেষণার ফলাফলকে অবিশ্বস্ত করে তোলেগবেষণা বিশেষজ্ঞদের মতে, কোনো নিবন্ধ প্রত্যাহার হওয়া সব সময় গবেষণা ব্যবস্থার ব্যর্থতার প্রতীক নয়। বরং ভুল শনাক্ত হওয়ার পর তা সংশোধনের জন্য রিট্র্যাকশন একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রক্রিয়া। তবে প্রতিটি রিট্র্যাকশনের কারণ আলাদাভাবে বিশ্লেষণ করা প্রয়োজন। তাই কোনো গবেষণাপত্র প্রত্যাহার হয়েছে শুনেই সেটিকে চৌর্যবৃত্তি বা গবেষণা জালিয়াতির ঘটনা হিসেবে ধরে নেওয়া ঠিক নয়।স্কাই টাইমস/ এমএ/ ০৩ আগস্ট