মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

কুমিল্লায় কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নিতে শিক্ষামন্ত্রীকে কৃষিমন্ত্রীর চিঠি

কুমিল্লায় একটি আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন সরকারি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের কাছে আধা-সরকারি (ডিও) পত্র পাঠিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।গত ৫ জুলাই ২০২৬ তারিখে পাঠানো ওই ডিও পত্রে কুমিল্লা অঞ্চলের ঐতিহাসিক গুরুত্ব, কৃষি খাতে এর অবদান এবং এ অঞ্চলের বিপুল জনগোষ্ঠীর উচ্চশিক্ষার চাহিদার বিষয়টি তুলে ধরা হয়।পত্রে মন্ত্রী উল্লেখ করেন, ১৭৯০ সালে প্রতিষ্ঠিত তৎকালীন ত্রিপুরা জেলা, বর্তমান কুমিল্লা, দেশের জাতীয় অর্থনীতি, যোগাযোগ ব্যবস্থা এবং রাজস্ব আহরণে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।কৃষি খাতে কুমিল্লার অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে দেশে কৃষি বিপ্লবের অন্যতম ভিত্তি ছিল কুমিল্লার কৃষি ও পল্লী উন্নয়ন কার্যক্রম। বিশেষ করে ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (BARD)-এর সমবায়ভিত্তিক কৃষি উন্নয়ন মডেল দেশ-বিদেশে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। অথচ কৃষিনির্ভর এই অঞ্চলে এখনো কোনো সরকারি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়নি।পত্রে আরও বলা হয়, কুমিল্লায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে আধুনিক কৃষি প্রযুক্তিবিদ, গবেষক ও কৃষি উদ্যোক্তা তৈরির সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি উন্নত কৃষি প্রযুক্তির ব্যবহার, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ ব্যবস্থার সম্প্রসারণ ঘটবে। কৃষিভিত্তিক শিল্প, কর্মসংস্থান এবং গ্রামীণ অর্থনীতির বিকাশ ত্বরান্বিত হওয়ার পাশাপাশি জাতীয় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।ডিও পত্রে গত ১৬ মে ২০২৬ বরুড়া উপজেলার লক্ষীপুর মাঠে অনুষ্ঠিত এক জনসভার প্রসঙ্গও উল্লেখ করা হয়। সেখানে কৃষিমন্ত্রী কুমিল্লাবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে কুমিল্লা বিভাগ এবং একটি সরকারি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়েছিলেন।পত্রে উল্লেখ করা হয়, ওই জনসভায় প্রধানমন্ত্রী বলেন, "আপনাদের একটি দাবি হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়। আমি আগামী কয়েকদিনের মধ্যে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলব। সবকিছু বিবেচনা করে আমরা উদ্যোগ গ্রহণের চেষ্টা করব। যত দ্রুত সম্ভব, ইনশাআল্লাহ, বিষয়টি বাস্তবায়নের চেষ্টা করব।"এরই ধারাবাহিকতায় দেশের সার্বিক কৃষি উন্নয়ন এবং বৃহৎ কৃষিনির্ভর জনগোষ্ঠীর স্বার্থে কুমিল্লা জেলায় দ্রুত একটি আধুনিক সরকারি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য শিক্ষামন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।স্কাই টাইমস/ এমএ/ ০৭ জুলাই

কুমিল্লায় কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নিতে শিক্ষামন্ত্রীকে কৃষিমন্ত্রীর  চিঠি