মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহরের তালিকায় ঢাকা তৃতীয়

বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহরগুলোর তালিকায় আবারও তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। ২০২৬ সালের বৈশ্বিক বাসযোগ্যতা সূচকে ১৭৩টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ১৭১তম। আগের বছরও একই অবস্থানে ছিল রাজধানী। সোমবার প্রকাশিত ব্রিটিশ গবেষণা প্রতিষ্ঠান ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতি বছর বিশ্বের বিভিন্ন শহরকে রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, শিক্ষা, সংস্কৃতি ও পরিবেশ, অবকাঠামোসহ ৩০টিরও বেশি সূচকের ভিত্তিতে মূল্যায়ন করে এই তালিকা প্রকাশ করে ইআইইউ।চলতি বছরের প্রতিবেদনে ১০০-এর মধ্যে ঢাকার মোট স্কোর ৪২। এই স্কোর নিয়ে ১৭৩টি শহরের মধ্যে রাজধানীর অবস্থান ১৭১তম। অর্থাৎ বাসযোগ্যতার বিচারে ঢাকার নিচে রয়েছে কেবল যুদ্ধবিধ্বস্ত লিবিয়ার রাজধানী ত্রিপোলি এবং সিরিয়ার রাজধানী দামেস্ক।প্রতিবেদনে বলা হয়েছে, স্বাস্থ্যসেবায় উল্লেখযোগ্য উন্নতির কারণে চীনের বিভিন্ন শহর এবং সামগ্রিক অগ্রগতির ফলে জাপানের শহরগুলো এশিয়ার গড় মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে দক্ষিণ এশিয়ার কয়েকটি অনুন্নত শহর, বিশেষ করে ঢাকা, এই অঞ্চলের সামগ্রিক অগ্রগতির গতি কমিয়ে দিচ্ছে।ইআইইউর মূল্যায়নে স্থিতিশীলতায় ঢাকা পেয়েছে ৪৫, স্বাস্থ্যসেবায় ৪২, সংস্কৃতি ও পরিবেশে ৪১, শিক্ষায় ৬৭ এবং অবকাঠামোতে মাত্র ২৭ নম্বর। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শিক্ষাক্ষেত্রে তুলনামূলক ভালো অবস্থান থাকলেও দুর্বল অবকাঠামো, স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতা এবং নগর ব্যবস্থাপনার দীর্ঘদিনের সমস্যার কারণে ঢাকার বাসযোগ্যতা ক্রমেই কমছে।চলতি বছরের বৈশ্বিক গড় বাসযোগ্যতা স্কোর ৭৬ দশমিক ১-এ অপরিবর্তিত রয়েছে। তবে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ভূরাজনৈতিক অস্থিরতার প্রভাবে স্থিতিশীলতার সূচকে অবনতি ঘটেছে। অন্যদিকে স্বাস্থ্যসেবা খাতে উন্নতি এবং এশিয়ার কয়েকটি দেশের অগ্রগতি সামগ্রিক বৈশ্বিক স্কোরকে স্থিতিশীল রাখতে সহায়তা করেছে।দক্ষিণ এশিয়ার শহরগুলোর মধ্যে পাকিস্তানের করাচি ৪৩ স্কোর নিয়ে ঢাকার এক ধাপ ওপরে, অর্থাৎ ১৭০তম স্থানে রয়েছে। বিপরীতে তালিকার শীর্ষে টানা দ্বিতীয় বছরের মতো অবস্থান ধরে রেখেছে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন। এরপর রয়েছে অস্ট্রিয়ার ভিয়েনা এবং অস্ট্রেলিয়ার মেলবোর্ন।প্রতিবেদন অনুযায়ী, এশিয়ার গড় বাসযোগ্যতা স্কোর বেড়ে ৭৪ হলেও ঢাকার স্কোর সেই গড়ের তুলনায় ৩২ পয়েন্ট কম। অর্থাৎ অঞ্চলজুড়ে উন্নতি হলেও তার সুফল রাজধানী ঢাকায় প্রতিফলিত হয়নি।এশিয়ার বিভিন্ন শহরের মধ্যে বড় ধরনের বৈষম্যের কথাও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। চীনের কয়েকটি শহর স্বাস্থ্যসেবার উন্নয়নের কারণে এগিয়েছে। অন্যদিকে সংস্কৃতি ও পরিবেশগত মানোন্নয়নের ফলে জাপানের রাজধানী টোকিওও আরও ভালো অবস্থানে পৌঁছেছে।প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার নিম্ন অবস্থানের কারণ যুদ্ধ বা সংঘাত নয়; বরং দীর্ঘদিনের অবকাঠামোগত দুর্বলতা, নগর পরিকল্পনার সীমাবদ্ধতা এবং জনসেবার ঘাটতিই এর প্রধান কারণ।গত কয়েক বছরের ধারাবাহিকতায় ঢাকার অবস্থানও নিম্নমুখী। ২০২৩ সালে শহরটির অবস্থান ছিল ১৬৬তম, ২০২৪ সালে ১৬৮তম এবং ২০২৫ সালে নেমে আসে ১৭১তম স্থানে। চলতি বছরও সেই অবস্থানের পরিবর্তন হয়নি।সবচেয়ে কম বাসযোগ্য শহরের তালিকায় সর্বশেষ অবস্থানে রয়েছে সিরিয়ার রাজধানী দামেস্ক। যুদ্ধের প্রভাবে ইরানের রাজধানী তেহরান নেমে গেছে ১৬৪তম স্থানে এবং ইউক্রেনের রাজধানী কিয়েভ রয়েছে ১৬৬তম অবস্থানে।ইআইইউর ইন্ডাস্ট্রি ডিরেক্টর অ্যানা নিকোলস বলেন, বৈশ্বিক গড় বাসযোগ্যতা স্কোর গত বছরের মতোই স্থির রয়েছে। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা কমে গেলেও এশিয়ার শহরগুলোতে স্বাস্থ্যসেবার উন্নতি সেই ঘাটতি অনেকটাই পূরণ করেছে। ফলে সামগ্রিক বৈশ্বিক সূচক ভারসাম্য বজায় রাখতে সক্ষম হয়েছে।তিনি আরও বলেন, এশিয়ার শহরগুলোর উন্নতির ফলে বিশ্বের শীর্ষ ২০টি বাসযোগ্য শহরের তালিকায় এখন এশিয়ার ৯টি শহর জায়গা করে নিয়েছে। একই তালিকায় ইউরোপের রয়েছে ৭টি শহর।বিশ্বের শীর্ষ ১০ বাসযোগ্য শহর১. কোপেনহেগেন, ডেনমার্ক২. ভিয়েনা, অস্ট্রিয়া৩. মেলবোর্ন, অস্ট্রেলিয়া৪. সিডনি, অস্ট্রেলিয়া৫. জুরিখ, সুইজারল্যান্ড৬. জেনেভা, সুইজারল্যান্ড৭. ওসাকা, জাপান৮. অ্যাডিলেড, অস্ট্রেলিয়া৯. ভ্যাঙ্কুভার, কানাডা১০. টোকিও, জাপানসূত্র: ইআইইউ। স্কাই টাইমস/টিএম/৭ জুলাই 

বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহরের তালিকায় ঢাকা তৃতীয়