চলমান এইচএসসি ও সমমান পরীক্ষায় বৈরী আবহাওয়া বা অনিবার্য কারণে কোনো বিষয়ে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগের ঘোষণা দিয়েছে সরকার।একই সঙ্গে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নে ত্রুটির ঘটনায় দায়ীদের সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়ার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছেন তিনি।বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী।বিবৃতিতে তিনি বলেন, চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এ দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। সাম্প্রতিক ভারী বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলার নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন জেলার কিছু পরীক্ষার্থীও বৈরী আবহাওয়া ও অনিবার্য কারণে নির্ধারিত পরীক্ষায় অংশ নিতে পারেননি।শিক্ষামন্ত্রী জানান, প্রতিকূল আবহাওয়া বা সংশ্লিষ্ট অনিবার্য কারণে যারা চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার কোনো বিষয়ে অংশগ্রহণ করতে পারেননি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ের অভিন্ন প্রশ্নপত্রে শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত একই তারিখ ও সময়ে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।তিনি বলেন, এইচএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। বিষয়টি বিবেচনায় নিয়েই বিশেষ ব্যবস্থার আওতায় এ সুযোগ দেওয়া হচ্ছে।বিবৃতিতে আরও জানানো হয়, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্ন প্রণয়নে ত্রুটির জন্য দায়ী ব্যক্তিদের ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে।এ সময় শিক্ষামন্ত্রী পুনরায় আশ্বস্ত করে বলেন, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে যে ভুল হয়েছে, তার কারণে কোনো পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত হবে না। ওই প্রশ্নগুলোর জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর প্রদান করা হবে। স্কাইটাইমস/টিএম/১৫ জুলাই