বাহরাইন-কুয়েতে যুক্তরাষ্ট্রের স্থাপনা লক্ষ্য করে ইরানের হামলা
হরমুজ প্রণালিকে কেন্দ্র করে আবারও মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।বুধবার (৮ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।আইআরজিসির দাবি, ইরানের নৌ ও বিমান বাহিনী যৌথভাবে ৮৫টি লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হামলার প্রধান লক্ষ্য ছিল বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটি এবং কুয়েতের আলি আল-সালেম বিমান ঘাঁটি।এর আগে মঙ্গলবার হরমোজগান ও মাহশাহর উপকূলীয় এলাকায় ইরানের সামরিক ঘাঁটি এবং কয়েকটি বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের ওই অভিযানের পরই পাল্টা সামরিক পদক্ষেপ নেয় তেহরান।আইআরজিসি এক বিবৃতিতে অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ও ইসলামাবাদ চুক্তি লঙ্ঘন করেছে। একই সঙ্গে তারা দাবি করেছে, সাম্প্রতিক মার্কিন হামলা ইরানের সাবেক সর্বোচ্চ নেতার দাফনকে ঘিরে সংঘটিত ঘটনাগুলোর সঙ্গে সম্পৃক্ত এবং এই ঐতিহাসিক ঘটনাকে আড়াল করার উদ্দেশ্যেই ওয়াশিংটন এ পদক্ষেপ নিয়েছে।এদিকে ইরানের শীর্ষ সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর জানিয়েছে, ‘আমেরিকান সন্ত্রাসবাদের’ জবাব না দিয়ে ইরান পিছু হটবে না। হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের যেকোনো প্রচেষ্টা ‘কোনো অবস্থাতেই’ মেনে নেওয়া হবে না বলেও সতর্ক করেছে তারা।বিবৃতিতে আরও বলা হয়, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাংকারগুলোর জন্য নিরাপদ নৌপথ নির্ধারণের অধিকার ইরানের রয়েছে এবং এ বিষয়ে তেহরানের নির্দেশনাই কার্যকর থাকবে।তবে ইরানের এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। এছাড়া হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্যও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।স্কাই টাইমস / এমএ / ০৮ জুলাই