মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

ইরানের নেতৃত্ব পরিবর্তনের স্বপ্ন শেষ হচ্ছে আমেরিকা ইসরায়েলের!

ইরানের সাবেক শাহ মোহাম্মদ রেজা পাহলভির ছেলে এবং নির্বাসিত বিরোধী নেতা রেজা পাহলভি দীর্ঘদিন ধরে ইসলামিক প্রজাতন্ত্রের বিকল্প নেতৃত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠার চেষ্টা করে আসলেও সাম্প্রতিক ঘটনাপ্রবাহে সেই প্রচেষ্টা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক হামলা এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পরও তিনি শক্তিশালী রাজনৈতিক অবস্থান তৈরি করতে পারেননি বলে বিভিন্ন বিশ্লেষণে উঠে এসেছে। রয়টার্সের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সংঘাতের সময় পশ্চিমা বিশ্বের কিছু মহলে পাহলভিকে সম্ভাব্য বিকল্প নেতা হিসেবে বিবেচনা করা হলেও ইরানের অভ্যন্তরে তিনি তেমন জনভিত্তি গড়ে তুলতে পারেননি। বিভিন্ন বিরোধী গোষ্ঠীর মধ্যে ঐক্যের অভাব এবং দেশের ভেতরে সাংগঠনিক উপস্থিতি দুর্বল থাকায় তাঁর নেতৃত্ব প্রশ্নের মুখে পড়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, দীর্ঘদিন ধরে প্রবাসী ইরানিদের আর্থিক সহায়তা ও রাজনৈতিক সমর্থন পেলেও সাম্প্রতিক সময়ে তাঁর কৌশল নিয়ে অনেক সমর্থকই হতাশা প্রকাশ করেছেন। সমালোচকদের অভিযোগ, বড় রাজনৈতিক পরিবর্তনের সুযোগ তৈরি হলেও তিনি তা কার্যকরভাবে কাজে লাগাতে পারেননি। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের হামলা এবং খামেনির মৃত্যুর মতো বড় ঘটনার পর ইরানে দ্রুত সরকার পরিবর্তনের যে সম্ভাবনার কথা আলোচিত হয়েছিল, বাস্তবে তা ঘটেনি। বরং রাষ্ট্রীয় কাঠামো টিকে রয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থাও আরও কঠোর হয়েছে। এই পরিস্থিতিতে রেজা পাহলভির নেতৃত্বে বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে ওঠার সম্ভাবনা আরও জটিল হয়ে পড়েছে। অবশ্য রেজা পাহলভি নিজে দাবি করেছেন, তাঁর লক্ষ্য ক্ষমতায় যাওয়া নয়; বরং ইরানের জনগণকে একটি গণতান্ত্রিক রূপান্তরের পথে সহায়তা করা। তিনি সহিংসতারও বিরোধিতা করেছেন এবং তাঁর সমর্থকদের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের দায় অস্বীকার করেছেন। পর্যবেক্ষকদের মতে, ইরানের ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি এখনো অনিশ্চিত। তবে সাম্প্রতিক ঘটনাবলির পরও রেজা পাহলভি দেশের ভেতরে শক্তিশালী নেতৃত্ব প্রতিষ্ঠা করতে না পারায় সরকার পরিবর্তনের প্রশ্নে স্পষ্ট কোনো বিকল্প নেতৃত্ব এখনও দৃশ্যমান হয়নি।স্কাই টাইমস/ এমএ/ ২৯ জুলাই

ইরানের নেতৃত্ব পরিবর্তনের স্বপ্ন শেষ হচ্ছে আমেরিকা ইসরায়েলের!