সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ চায় ট্রাইব্যুনাল
২০১৩ সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে অভিযান ও পরদিন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গুলিবর্ষণের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)।মঙ্গলবার (১৮ আগস্ট) ট্রাইব্যুনালে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন প্রধান প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি জানান, মামলার কোনো পলাতক আসামিকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার ক্ষেত্রে এটাই প্রথমবারের মতো উদ্যোগ।প্রধান প্রসিকিউটর বলেন, আজিজ আহমেদ মধ্যপ্রাচ্য অথবা অন্য কোনো দেশে পালিয়ে গেছেন বলে তারা জানতে পেরেছেন। ইন্টারপোলের সহযোগিতায় তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।এদিকে মামলায় বিদেশে অবস্থানরত অন্য পলাতক আসামিদেরও পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রসিকিউশন।পুলিশ সদর দপ্তরে চিঠিআজিজ আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধান প্রসিকিউটরের স্বাক্ষরিত একটি চিঠি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।চিঠিটি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং পুলিশ সদর দপ্তরে ইন্টারপোলের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত আইজিপির কাছে পাঠানো হয়েছে।এতে ইন্টারপোলের বিধি ও সংশ্লিষ্ট নিয়ম অনুসরণ করে রেড নোটিশ জারির প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানানো হয়। পাশাপাশি এ বিষয়ে অগ্রগতি ও প্রয়োজনীয় পরবর্তী কার্যক্রম সম্পর্কে ট্রাইব্যুনালের প্রসিকিউশনকে অবহিত করতেও বলা হয়েছে।যে ঘটনায় মামলা২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতা ও অভিযানে প্রাণহানির ঘটনায় মামলাটি করা হয়েছে। এর পরদিন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গুলিবর্ষণের ঘটনাকেও মামলার অভিযোগের আওতায় আনা হয়েছে।মামলার অভিযোগ অনুযায়ী, ওই সময় আজিজ আহমেদ বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) মহাপরিচালকের দায়িত্বে ছিলেন।এর আগে গত ২৭ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন। একই সঙ্গে বিদেশে অবস্থানরত পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, সাবেক খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, এ এফ এম বাহাউদ্দিন নাছিম, জাহাঙ্গীর কবির নানক, দীপু মনি, মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া ও ওমর ফারুক চৌধুরীসহ আরও কয়েকজনের নাম রয়েছে।এ ছাড়া সাংবাদিক শাহরিয়ার কবির, মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার নামও মামলার আসামির তালিকায় রয়েছে।আজিজ আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারির উদ্যোগের মধ্য দিয়ে মামলায় বিদেশে অবস্থানরত আসামিদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া আরও জোরদার হচ্ছে বলে জানিয়েছে প্রসিকিউশন।স্কাই টাইমস/এমএ/১৮ আগস্ট