মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সভিরিদেঙ্কো

ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সভিরিদেঙ্কো পদত্যাগ করেছেন। দেশটির পার্লামেন্ট তার পদত্যাগপত্র অনুমোদন করেছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনুরোধে প্রায় এক বছর দায়িত্ব পালনের পর তিনি পদ ছাড়েন। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।মঙ্গলবার (১৪ জুলাই) ইউক্রেনের পার্লামেন্টে সভিরিদেঙ্কোর পদত্যাগপত্র গ্রহণের প্রস্তাব পাস হয়। তবে সরকারে এত দ্রুত পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে কয়েকজন আইনপ্রণেতা উদ্বেগ প্রকাশ করেন।বিদায়ী বক্তব্যে ৪০ বছর বয়সী এই অর্থনীতিবিদ বলেন, গত এক বছরে প্রতিটি দিনই কঠিন সিদ্ধান্ত ও দৃঢ় পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হয়েছে। দায়িত্ব পালনের সময় যে আস্থা ও সহযোগিতা পেয়েছেন, তার জন্য তিনি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে তিনি বলেন, তার কাছে সবসময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল কাজের ফলাফল।উচ্চপর্যায়ের একটি দুর্নীতির ঘটনা প্রকাশ্যে আসার কয়েক মাস পর গত বছর সভিরিদেঙ্কোকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। তবে সমালোচকদের অভিযোগ, সরকারের অভ্যন্তরে দুর্নীতি দমনে তিনি প্রত্যাশিত কঠোরতা দেখাতে পারেননি।এদিকে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেন এখন রাজনৈতিক কৌশলে পরিবর্তন আনছে এবং সে কারণেই নতুন নেতৃত্বের প্রয়োজন দেখা দিয়েছে। তবে মন্ত্রিসভার সম্ভাব্য পুনর্গঠন নিয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।বিরোধী দল হোলোসের আইনপ্রণেতা ইয়ারোস্লাভ জেলেজনিয়াক বিদায়ী সরকারের সমালোচনা করে বলেন, জনগণকে প্রতিদিন ফল দেখানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবে প্রতিদিনই উপস্থাপনা ও সংবাদ সম্মেলনের পাশাপাশি নতুন নতুন দুর্নীতির অভিযোগ সামনে এসেছে।প্রধানমন্ত্রীর পদত্যাগের মধ্য দিয়ে ইউক্রেনের পুরো মন্ত্রিসভাও পদত্যাগ করেছে। নতুন প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস কোম্পানির প্রধান সেরহি কোরেৎস্কির নাম আলোচনায় রয়েছে।এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান জ্বালানিমন্ত্রী দেনিস শ্মিহাল এবং প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভের নামও সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিভিন্ন মহলে আলোচিত হচ্ছে।চার বছরের বেশি সময় ধরে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেন দীর্ঘপাল্লার হামলার মাধ্যমে রাশিয়ার জ্বালানি অবকাঠামো ও রসদ সরবরাহ ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করছে।প্রধানমন্ত্রী হিসেবে ইউলিয়া সভিরিদেঙ্কো যুদ্ধকালীন অর্থনীতি সচল রাখা, অভ্যন্তরীণ নীতিনির্ধারণ এবং রুশ হামলায় ক্ষতিগ্রস্ত বেসামরিক অবকাঠামোর পুনর্গঠনের দায়িত্ব পালন করছিলেন।স্কাইটাইমস/টিএম/১৪ জুলাই 

পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সভিরিদেঙ্কো