সুপারকম্পিউটারের পূর্বাভাসে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে এগিয়ে কারা?
বিশ্বকাপের ইতিহাসে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মুখোমুখি লড়াই বরাবরই ফুটবলপ্রেমীদের জন্য বাড়তি আকর্ষণের। এবারও দুই দলের বহুল প্রতীক্ষিত দ্বৈরথ অনুষ্ঠিত হতে যাচ্ছে সেমিফাইনালে। অতীতের পরিসংখ্যান ও সাম্প্রতিক বিশ্লেষণ—দুই দিক থেকেই ম্যাচটি জমজমাট হওয়ার আভাস মিলছে।দুই দল এখন পর্যন্ত আন্তর্জাতিক অঙ্গনে ১৪ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ইংল্যান্ড জয় পেয়েছে ৬ ম্যাচে, আর্জেন্টিনা জিতেছে ২টিতে এবং বাকি ৬টি ম্যাচ ড্র হয়েছে। ড্র হওয়া ম্যাচগুলোর একটি ছিল ১৯৯৮ বিশ্বকাপের শেষ ষোলোতে, যেখানে টাইব্রেকারে জয় পেয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে আর্জেন্টিনা।ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সর্বশেষ ৯০ মিনিটের জয়টি আসে ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। সেই ম্যাচে দিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ ও ‘গোল অব দ্য সেঞ্চুরি’খ্যাত দুই গোলের অনুপ্রেরণায় ২-১ ব্যবধানে জয় পায় আলবিসেলেস্তেরা।অন্যদিকে, দুই দলের সর্বশেষ সাক্ষাৎ হয়েছিল ২০০৫ সালের একটি প্রীতি ম্যাচে। ওই ম্যাচে মাইকেল ওভেনের জোড়া গোল এবং ওয়েইন রুনির একটি গোলে ৩-২ ব্যবধানে জয় পায় ইংল্যান্ড।বিশ্বকাপে এটি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ষষ্ঠ মুখোমুখি লড়াই। জার্মানির পর বিশ্বকাপে কোনো দলের বিপক্ষে এতবার খেলেনি আর্জেন্টিনা। আগের পাঁচ বিশ্বকাপ সাক্ষাতে আর্জেন্টিনার রেকর্ড—১ জয়, ২ ড্র ও ২ হার।তবে ইতিহাসের পরিসংখ্যান ইংল্যান্ডের পক্ষে থাকলেও বর্তমান শক্তিমত্তার বিচারে লড়াইটি বেশ হাড্ডাহাড্ডি হওয়ার সম্ভাবনা রয়েছে।পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ প্রতিষ্ঠান অপটা সুপারকম্পিউটারের পূর্বাভাস অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটে জয়ের সম্ভাবনায় সামান্য এগিয়ে রয়েছে ইংল্যান্ড। তাদের জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ৩৭ দশমিক ৩ শতাংশ। বিপরীতে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৩২ শতাংশ এবং ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা ৩০ দশমিক ৭ শতাংশ।ফাইনালে ওঠার সম্ভাবনার হিসাবেও দুই দলের মধ্যে ব্যবধান খুবই কম। অপটার বিশ্লেষণে ইংল্যান্ডের ফাইনালে খেলার সম্ভাবনা ৫২ দশমিক ৩ শতাংশ, আর আর্জেন্টিনার সম্ভাবনা ৪৭ দশমিক ৭ শতাংশ।সব মিলিয়ে পরিসংখ্যান ইংল্যান্ডকে সামান্য এগিয়ে রাখলেও ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দুই পরাশক্তির লড়াইয়ে যেকোনো ফলই আসতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।স্কাইটাইমস/টিএম/১৫ জুলাই