দিনাজপুর-বরিশালে শিক্ষার্থী-শ্রমিক সংঘর্ষ, আহত অন্তত ১৬
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে দিনাজপুর ও বরিশালে শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৬ জন আহত হয়েছেন।মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে দিনাজপুর শহরের নিমনগর ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকা এবং বরিশালের ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় পৃথকভাবে এ সংঘর্ষের ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, দিনাজপুরে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছিলেন। এ সময় একটি বাসে ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে পরিবহন শ্রমিকদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষের অন্তত আটজন আহত হন।অন্যদিকে, বরিশালের ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় দুপুরের দিকে রাহী এন্টারপ্রাইজের একটি বাসে শিক্ষার্থীরা ভাঙচুর চালিয়েছে—এমন অভিযোগ তুলে পরিবহন শ্রমিকরা সড়কে আড়াআড়িভাবে বাস রেখে অবরোধ করেন। পরে শিক্ষার্থীদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ শুরু হয়। এতে পাঁচজন শিক্ষার্থী ও তিনজন পরিবহন শ্রমিক আহত হয়েছেন।এদিকে, সড়ক অবরোধের কারণে উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। পাশাপাশি পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস দিনাজপুর রেলস্টেশনে আটকা পড়ে। ট্রেনটি দুপুর ২টা ১০ মিনিটে স্টেশন ত্যাগ করার কথা থাকলেও রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর আড়াইটা) তা ছাড়তে পারেনি।দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরনবী জানান, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা চলছে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে আন্দোলন প্রত্যাহারের চেষ্টা অব্যাহত রয়েছে। স্কাইটাইমস/টিএম/১৪ জুলাই