আসিফ মাহমুদের স্ত্রীর ব্যাগের দাম ৬ লাখ নয়, ১৫৮০ টাকা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার স্ত্রীর হাতে থাকা একটি ব্যাগের দাম ৫ থেকে ৬ লাখ টাকা—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন দাবি ছড়ালেও তা সঠিক নয় বলে জানিয়েছে ফ্যাক্ট-চেক প্রতিষ্ঠান দ্যা ডিসেন্ট।প্রতিষ্ঠানটির ৯ আগস্ট প্রকাশিত এক ফ্যাক্ট-চেক প্রতিবেদনে বলা হয়েছে, ছবিতে দেখা ব্যাগটির প্রকৃত মূল্য ১ হাজার ৫৮০ টাকা। ব্যাগটি বাংলাদেশি ই-কমার্স প্ল্যাটফর্ম ‘PRIOR’ থেকে কেনা হয়েছিল।দ্যা ডিসেন্টের প্রতিবেদন অনুযায়ী, গত ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক একটি কনসার্টে স্ত্রীকে নিয়ে উপস্থিত হন আসিফ মাহমুদ। অনুষ্ঠানস্থলে যাওয়ার সময় তাঁদের হাঁটার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে তাঁর স্ত্রীর হাতে থাকা ব্যাগটি নিয়ে বিভিন্ন ধরনের দাবি সামনে আসে।সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি পোস্টে ব্যাগটির দাম ৫ থেকে ৬ লাখ টাকা দাবি করা হয়। এর মধ্যে আওয়ামী লীগপন্থী এক অনলাইন অ্যাক্টিভিস্ট এবং বিএনপিপন্থী একজন চিকিৎসকের পোস্টের কথাও ফ্যাক্ট-চেক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে ওই চিকিৎসক তাঁর পোস্টটি সরিয়ে নেন বলে জানায় দ্যা ডিসেন্ট।রিভার্স ইমেজ সার্চে মিলল ব্যাগের তথ্যদ্যা ডিসেন্ট জানায়, ভাইরাল ছবিতে থাকা ব্যাগটির ছবি রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে PRIOR-এর অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যায়। সেখানে একই ধরনের ব্যাগের মূল্য ১ হাজার ৫৮০ টাকা উল্লেখ করা হয়েছিল।এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো পোস্টে ব্যাগটিকে বিলাসবহুল ব্র্যান্ড Loewe-এর ‘Medium Flamenco Purse in White Grained Calfskin’ হিসেবে দাবি করা হলেও যাচাই করে দ্যা ডিসেন্ট জানিয়েছে, ওই ব্র্যান্ডের ব্যাগের সঙ্গে আসিফ মাহমুদের স্ত্রীর হাতে থাকা ব্যাগটির মিল নেই।কেনার নথিও দেখানো হয়েছেদ্যা ডিসেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি নিয়ে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তাঁর স্ত্রী ব্যাগটি ১ হাজার ৫৮০ টাকায় কিনেছেন। দাবির পক্ষে তিনি অর্ডার স্লিপ, অর্থ পরিশোধের রসিদসহ বিভিন্ন নথি দেন।প্রতিবেদন অনুযায়ী, এসব নথিতে দেখা যায়, চলতি বছরের ২৯ জানুয়ারি আসিফ মাহমুদের মায়ের নামে ব্যাগটি অর্ডার করা হয়েছিল। বাহক কুরিয়ারের মাধ্যমে সেটি গ্রহণ করা হয়।একই অর্ডারে ১ হাজার ৬৯০ টাকা দামের আরও একটি ব্যাগ নেওয়া হয়েছিল। দুটি ব্যাগের মোট মূল্য ছিল ৩ হাজার ২৭০ টাকা। এর সঙ্গে ৮০ টাকা ডেলিভারি চার্জ যোগ করে মোট ৩ হাজার ৩৫০ টাকা পরিশোধ করা হয়।দ্যা ডিসেন্ট আরও জানায়, তারা PRIOR-এর সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে যোগাযোগ করে অর্ডার আইডি যাচাই করেছে। প্রতিষ্ঠানটির দেওয়া তথ্যের সঙ্গে আসিফ মাহমুদের সরবরাহ করা নথির মিল পাওয়া গেছে।'ব্যক্তিগত বিষয় নিয়ে প্রোপাগান্ডা চালানো হচ্ছে’সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দাবির বিষয়ে আসিফ মাহমুদ বলেন, ব্যক্তিগত বিষয়কে কেন্দ্র করে এ ধরনের প্রচারণা দুঃখজনক। এতে ব্যক্তি ও রাজনৈতিক দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য বা ছবি প্রকাশের আগে তা যাচাই করে নেওয়ার আহ্বান জানান।দ্যা ডিসেন্টের ফ্যাক্ট-চেকের তথ্য অনুযায়ী, আসিফ মাহমুদের স্ত্রীর হাতে থাকা ব্যাগটির দাম ৫ বা ৬ লাখ টাকা—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো এই দাবিটি ভুল। ব্যাগটির কেনাকাটার নথি ও বিক্রেতা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী এর মূল্য ছিল ১ হাজার ৫৮০ টাকা।স্কাই টাইমস/ এমএ/ ০৯ আগস্ট