সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থানের স্মারক, থাকছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি

বাংলাদেশের নতুন ই-পাসপোর্টে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি সংযোজন করা হচ্ছে। এ উদ্যোগের অংশ হিসেবে শহীদ আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান (মুগ্ধ) ও ওয়াসিম আকরামের ছবি পাসপোর্টের জলছাপ নকশায় অন্তর্ভুক্ত করা হয়েছে।রোববার (১৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।নতুন নকশা অনুযায়ী, ই-পাসপোর্টের ৩২ ও ৩৩ নম্বর পৃষ্ঠায় জলছাপ হিসেবে জুলাই গণ-অভ্যুত্থানের স্মারকচিত্র ব্যবহার করা হবে। এর মাধ্যমে ওই আন্দোলনে আত্মত্যাগকারী তরুণদের স্মৃতি দেশের আন্তর্জাতিক ভ্রমণ নথিতেও সংরক্ষিত থাকবে।এছাড়া পাসপোর্টের বিভিন্ন পাতায় বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ স্থাপনা ও নিদর্শনের জলছাপ সংযোজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে জাতীয় স্মৃতিসৌধ, কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় সংসদ ভবন, সুপ্রিম কোর্ট, কান্তজিউ মন্দির, লালবাগ দুর্গ, পানাম নগর এবং কার্জন হল।প্রাকৃতিক ঐতিহ্য তুলে ধরতে কক্সবাজারের ঝাউবন ও সমুদ্র সৈকত, সুন্দরবন, টাঙ্গুয়ার হাওর এবং নীলগিরির জলছাপও যুক্ত করা হয়েছে। একই সঙ্গে জাতীয় ফুল শাপলা, জাতীয় পাখি দোয়েল, জাতীয় মাছ ইলিশ, জাতীয় ফল কাঁঠাল এবং শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম ‘সংগ্রাম’-এর প্রতিচ্ছবিও নতুন নকশায় স্থান পেয়েছে।প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পাসপোর্টের ডাটা পেজে আগের মতোই ‘ইসরায়েল ব্যতীত বিশ্বের সব দেশের জন্য বৈধ’ সংক্রান্ত ঘোষণা বহাল থাকবে।নতুন নকশার ই-পাসপোর্ট দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্কাইটাইমস/টিএম/১৯ জুলাই 

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থানের স্মারক, থাকছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি