আফ্রিকার বাজারে বাংলাদেশি পণ্যের সম্ভাবনা, বাড়াতে হবে রপ্তানি
আফ্রিকার দেশগুলোতে বাংলাদেশের উৎপাদিত পাট ও পাটজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, ওষুধ, ফলমূল, সিরামিকসহ বিভিন্ন পণ্যের ব্যাপক বাজার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। এই সম্ভাবনাকে কাজে লাগাতে দেশীয় উদ্যোক্তাদের আরও সক্রিয় ও মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।মঙ্গলবার (১৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আফ্রিকাসহ সম্ভাবনাময় বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে সহায়ক বাণিজ্য চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করছে। এ ক্ষেত্রে সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ ইতিবাচক ফল বয়ে আনবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।তিনি আরও বলেন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর উদ্ভূত বাণিজ্যিক চ্যালেঞ্জ মোকাবিলায় বেসরকারি খাতের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি রপ্তানি পণ্যের বহুমুখীকরণ এবং নতুন বাজার সম্প্রসারণে গুরুত্ব দিতে হবে।এ সময় ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, এলডিসি উত্তরণের পর বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখতে বাংলাদেশের সক্ষমতা আরও বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে রপ্তানি পণ্যের বহুমুখীকরণ এবং নতুন বাজার সম্প্রসারণের লক্ষ্যে সম্ভাবনাময় দেশগুলোর সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরসহ বিভিন্ন সহযোগিতামূলক উদ্যোগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন।তিনি বলেন, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে বাংলাদেশের রপ্তানি ও বিনিয়োগের উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনা কাজে লাগাতে সরকারের অর্থনৈতিক কূটনীতি আরও জোরদার করা দরকার। পাশাপাশি আফ্রিকার দেশগুলোর সঙ্গে কন্ট্রাক্ট ফার্মিং, তথ্যপ্রযুক্তি ও কৃষি খাতে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের জন্য সরাসরি পেমেন্ট ব্যবস্থা সহজ করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।সাক্ষাৎকালে ঢাকা চেম্বারের ঊর্ধ্বতন সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরী, সহ-সভাপতি মো. সালিম সোলায়মান, ভারপ্রাপ্ত মহাসচিব ড. এ কে এম আসাদুজ্জামান পাটোয়ারী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি অনুবিভাগের মহাপরিচালক ড. সৈয়দ মুনতাসির মামুন উপস্থিত ছিলেন। স্কাইটাইমস/টিএম/১৪ জুলাই