মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

অবসরের মুখে উচ্চপদস্থ ৩৩ পুলিশ কর্মকর্তা, আতঙ্কে ৩৩ ডিসি

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনকালে দায়িত্ব পালন করা পুলিশ ক্যাডারের অন্তত ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রস্তুতি নিয়েছে সরকার। বিসিএস ২০তম ব্যাচের এসব কর্মকর্তা ওই সময় বিভিন্ন জেলার পুলিশ সুপার (এসপি) ও পুলিশের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে তাদের অধিকাংশই বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে রয়েছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি চাকরি আইনের ৪৫ ধারার বিধান অনুযায়ী তাদের অবসরে পাঠানোর প্রক্রিয়া চলছে। একই সঙ্গে ওই সময় বিভিন্ন জেলায় দায়িত্ব পালন করা প্রশাসন ক্যাডারের অন্তত ৩৩ জন সাবেক জেলা প্রশাসক (ডিসি), যারা বর্তমানে ওএসডি হিসেবে কর্মরত, তাদের ক্ষেত্রেও একই ধরনের পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি রয়েছে।সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী, কোনো সরকারি কর্মচারীর চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হলে সরকার জনস্বার্থে কারণ দর্শানো ছাড়াই তাকে অবসরে পাঠাতে পারে। বিসিএস ২০তম ব্যাচের কর্মকর্তারা ২০০১ সালের ৩১ মে চাকরিতে যোগ দেন। সেই হিসাবে চলতি বছর তাদের চাকরির ২৫ বছর পূর্ণ হয়েছে।এর আগে অন্তর্বর্তী সরকার ২০১৪ সালের জাতীয় নির্বাচনের সময় দায়িত্ব পালন করা ২২ জন জেলা প্রশাসককে বাধ্যতামূলক অবসরে পাঠায়। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ২০১৮ সালের নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের বিরুদ্ধেও একই ধরনের ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেয়। এর ধারাবাহিকতায় প্রথমে অনেক কর্মকর্তাকে ওএসডি করা হয় এবং এখন তাদের স্থায়ী অবসরের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।বাধ্যতামূলক অবসরের সম্ভাব্য তালিকায় থাকা পুলিশ কর্মকর্তাদের মধ্যে রয়েছেন তৎকালীন ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, নরসিংদী, গাজীপুর, চট্টগ্রাম, বরিশাল, কিশোরগঞ্জ, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, ফরিদপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙামাটি, ঠাকুরগাঁও, সুনামগঞ্জ, চুয়াডাঙ্গা, যশোর, মাগুরা, সিরাজগঞ্জ, জয়পুরহাট, সিলেট, পাবনা, পঞ্চগড়, শরীয়তপুর, চাঁপাইনবাবগঞ্জ ও কুড়িগ্রামের তৎকালীন পুলিশ সুপাররা।তাদের মধ্যে কয়েকজন বর্তমানে সাময়িক বরখাস্ত রয়েছেন। অন্যদের অধিকাংশই ওএসডি হিসেবে কর্মরত। পরবর্তী সময়ে তাদের অনেকেই অতিরিক্ত ডিআইজি বা ডিআইজি পদে পদোন্নতি পেয়ে বিভিন্ন ইউনিট, রেঞ্জ ও বিশেষায়িত সংস্থায় দায়িত্ব পালন করেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর তাদের বড় অংশকে ওএসডি করা হয়।অন্যদিকে, বিসিএস ২০তম ব্যাচের ৩৩ জন সাবেক জেলা প্রশাসক, যারা বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে যুগ্ম সচিব পদমর্যাদায় ওএসডি হিসেবে রয়েছেন, তারাও বাধ্যতামূলক অবসরের সম্ভাব্য তালিকায় রয়েছেন বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, তাদের ক্ষেত্রেও একই আইনি বিধান অনুসরণ করে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। সূত্র: আগামীর সময় স্কাই টাইমস/ টিএম/ ৫ জুলাই 

অবসরের মুখে উচ্চপদস্থ ৩৩ পুলিশ কর্মকর্তা, আতঙ্কে ৩৩ ডিসি