সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

বাস না পেয়ে ওঠেন প্রাইভেট কারে, অতঃপর অপহরণ ও দুঃস্বপ্নের কয়েক ঘণ্টা

ঢাকা থেকে ময়মনসিংহ যাওয়ার পথে একটি প্রাইভেট কারে ওঠার পর অপহরণের শিকার হওয়ার ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন ইফতেখার রেমন নামের ফেসবুক ব্যবহারকারী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি দাবি করেন, অস্ত্রের মুখে তাকে জিম্মি করে কয়েক ঘণ্টা আটকে রাখা হয়। পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়, ব্যাংক হিসাব ও মোবাইল আর্থিক সেবার অর্থ তুলে নেওয়ার পর গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় তাকে ফেলে রেখে যায় অপহরণকারীরা।ইফতেখার রেমনের ভাষ্য অনুযায়ী, গত ৩১ জুলাই তিনি ঢাকা থেকে ময়মনসিংহ যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। উত্তরা বিএনএস সেন্টারের সামনে দীর্ঘ সময় বাসের অপেক্ষা করেও কোনো বাস না পেয়ে একটি প্রাইভেট কারে ওঠেন। শুরুতে সবকিছু স্বাভাবিক মনে হলেও গাজীপুর বাইপাস ফ্লাইওভারে ওঠার পরিবর্তে গাড়িটি হঠাৎ অন্য একটি সড়কে ঢুকে পড়ে।তিনি জানান, একপর্যায়ে গাড়িতে থাকা একজন যাত্রী বমি আসার কথা বলে তাকে মাঝখানে বসতে বলেন। এরপর গাড়ির জানালার কাচ তুলে দুই পাশ থেকে তাকে চেপে ধরা হয়। তার দাবি, অপহরণকারীদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল এবং বন্দুক তাক করে তাকে নিয়ন্ত্রণে নেওয়া হয়।নিজেকে রক্ষার চেষ্টা করতে গিয়ে ধস্তাধস্তির সময় গাড়ির একটি জানালার কাচ ভেঙে ফেলেন তিনি। তবে সংখ্যায় বেশি হওয়ায় দুর্বৃত্তরা তার হাত-পা বেঁধে ফেলে, চোখ ও মুখে টেপ লাগিয়ে দেয়। নাকের কাছে অজ্ঞাত একটি পদার্থ ধরার পর তিনি দুর্বল হয়ে পড়েন বলেও উল্লেখ করেন।পরে অপহরণকারীরা তার মোবাইল ফোনের লক খুলতে বাধ্য করে এবং ফোনে থাকা ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে। এরপর পরিবারের সঙ্গে যোগাযোগ করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।ইফতেখারের দাবি, তার পরিবার টাকা পাঠানোর পর অপহরণকারীরা তার বিকাশ অ্যাকাউন্ট থেকে বিভিন্ন দোকানের মাধ্যমে অর্থ উত্তোলন করে। এছাড়া তার আইফোন নিয়ে নেওয়া হয় এবং ব্যাংক কার্ড ব্যবহার করে এটিএম থেকেও টাকা তোলা হয়। এসব লেনদেনের সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য সংগ্রহের চেষ্টা চলছে বলে তিনি জানান।তার ভাষ্য, রাত বাড়ার সঙ্গে সঙ্গে অপহরণকারীরা বুঝতে পারে তাদের অবস্থান শনাক্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। পরে রাত প্রায় ১১টার দিকে গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় হাত-পা বাঁধা অবস্থায় তাকে ফেলে রেখে পালিয়ে যায় তারা। স্থানীয় কয়েকজন তাকে উদ্ধার করে পরিবারের সঙ্গে যোগাযোগ করিয়ে দেন। পরে তিনি থানায় যান।বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন ইফতেখার রেমন। তার পায়ে গুরুতর আঘাত রয়েছে এবং এখনও স্বাভাবিকভাবে হাঁটতে পারছেন না।এই ঘটনার পর দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, একটি ব্যস্ত মহাসড়ক থেকে যদি একজন মানুষকে অস্ত্রের মুখে অপহরণ করে ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখা যায়, মুক্তিপণ আদায় করা যায় এবং পরে নির্জন স্থানে ফেলে যাওয়া যায়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক।তিনি আরও বলেন, এই ঘটনার পর তিনি অপরিচিত মানুষের ওপর আস্থা হারিয়েছেন। একই সঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করেন, তার মতো সবাই হয়তো জীবিত ফিরে আসার সুযোগ পান না।ইফতেখার রেমন তার খোঁজখবর নেওয়া সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নিজের সুস্থতা এবং দেশের মানুষের নিরাপত্তার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।স্কাই টাইমস/ এমএ/ ০৩ আগস্ট 

বাস না পেয়ে ওঠেন প্রাইভেট কারে, অতঃপর অপহরণ ও দুঃস্বপ্নের কয়েক ঘণ্টা