টানা ভারী বৃষ্টিতে দেশের কয়েক অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা
দেশজুড়ে চলমান ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে বিভিন্ন নদ-নদীর পানি বাড়ছে। এ পরিস্থিতিতে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কয়েকটি নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।রোববার (১২ জুলাই) কেন্দ্রের সহকারী প্রকৌশলী মোস্তফা কামাল জিহানের সই করা বৃষ্টিপাত, নদ-নদীর পরিস্থিতি ও বন্যা পূর্বাভাসসংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে সাঙ্গু নদীর বান্দরবান ও দোহাজারী পয়েন্ট, কুশিয়ারা নদীর মারকুলি ও ফেঞ্চুগঞ্জ পয়েন্ট এবং সোমেশ্বরী নদীর কলমাকান্দা পয়েন্টে পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে।পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগ ও ভারতের ত্রিপুরা অঞ্চলে এবং পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগসহ সংলগ্ন উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে বর্তমানে বঙ্গোপসাগর ও এর আশপাশে কোনো লঘুচাপ সক্রিয় নেই।এতে কুশিয়ারা ও সুরমা নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে। ফলে সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হওয়ার পাশাপাশি সুরমা নদীর তীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।এ ছাড়া তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বাড়ায় রংপুর বিভাগের কয়েকটি জেলায় এবং সোমেশ্বরী ও ভুগাই-কংস নদীর পানি বৃদ্ধির কারণে শেরপুর, নেত্রকোণা ও ময়মনসিংহের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।অন্যদিকে ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার মুহুরি, ফেনী, সেলোনিয়া ও হালদা নদীর পানি কয়েকটি স্থানে বিপৎসীমা অতিক্রম করতে পারে। একই সময়ে লক্ষ্মীপুর ও নোয়াখালীর নদীসংলগ্ন নিচু এলাকাও সাময়িকভাবে প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে।তবে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি ধীরে ধীরে কমতে থাকায় বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বন্যা পরিস্থিতির উন্নতির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। স্কাইটাইমস/টিএম/১২ জুলাই