সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

পাঁচ বছর পর বিদেশি প্রতিনিধির সঙ্গে মিটিং করলেন অং সান সু চি!

মিয়ানমারের ক্ষমতাচ্যুত গণতান্ত্রিক নেতা অং সান সু চি প্রায় পাঁচ বছর পর প্রথমবারের মতো কোনো বিদেশি কর্মকর্তার সঙ্গে প্রকাশ্যে সাক্ষাৎ করেছেন। সোমবার দেশটিতে নিযুক্ত আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (ICRC) আবাসিক প্রতিনিধি আরনো দ্য বেকের সঙ্গে তার এই বৈঠক অনুষ্ঠিত হয়।২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে সেনাবাহিনী। এরপর নোবেল শান্তি পুরস্কারজয়ী এই নেত্রীকে আটক করা হয়। সামরিক শাসনের বিরুদ্ধে শুরু হওয়া সংঘাত পরে গৃহযুদ্ধে রূপ নেয়, যাতে এখন পর্যন্ত এক লাখেরও বেশি মানুষের প্রাণহানির তথ্য বিভিন্ন পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে।আইসিআরসি এক বিবৃতিতে জানিয়েছে, তাদের প্রতিনিধি সু চির সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলার সুযোগ পেয়েছেন। তবে নিরাপত্তা ও সংস্থার নীতির কারণে বৈঠকে কী আলোচনা হয়েছে, তার বিস্তারিত প্রকাশ করা হয়নি। একই সঙ্গে সু চির অবস্থান বা স্বাস্থ্য সম্পর্কেও কোনো তথ্য জানানো হয়নি।এর আগে মিয়ানমারের প্রেসিডেন্টের দপ্তর বৈঠকের কয়েকটি ছবি প্রকাশ করে। পরে আইসিআরসি নিশ্চিত করে যে ছবিগুলো সত্য, যদিও সেগুলো সংস্থাটি নিজে তোলেনি।বর্তমানে ৮১ বছর বয়সী সু চিকে চলতি বছরের এপ্রিলে কারাগার থেকে গৃহবন্দি অবস্থায় স্থানান্তর করা হয়। প্রেসিডেন্ট মিন অং হ্লাইং তার অবশিষ্ট সাজা লঘু করার ঘোষণা দেওয়ার পর এই পরিবর্তন আসে। তবে মানবাধিকার সংগঠনগুলোর দাবি, সু চির বিরুদ্ধে আনা মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং তাকে রাজনীতি থেকে দূরে রাখতেই এসব অভিযোগ আনা হয়েছিল।সু চির ছেলে কিম অ্যারিস এই সাক্ষাৎকে ইতিবাচক অগ্রগতি হিসেবে উল্লেখ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, এই বৈঠক তার মায়ের বর্তমান অবস্থা সম্পর্কে স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার পথে গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ। তিনি একই সঙ্গে সু চি এবং সব রাজনৈতিক বন্দির নিঃশর্ত মুক্তির আহ্বান জানান।সু চির রাজনৈতিক দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) এক জ্যেষ্ঠ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রকাশিত ছবিতে সু চিকে দেখে তারা স্বস্তি পেয়েছেন। তবে তিনি দাবি করেন, সু চিকে অবিলম্বে মুক্তি দেওয়া উচিত, কারণ তাকে বেআইনিভাবে আটক রাখা হয়েছে।বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতা বাড়ানোর চেষ্টা করছে মিয়ানমারের বর্তমান সরকার। চলতি সপ্তাহে প্রেসিডেন্ট মিন অং হ্লাইংয়ের থাইল্যান্ড সফরের আগে সু চির সঙ্গে আইসিআরসি প্রতিনিধির এই সাক্ষাৎকে অনেকেই কূটনৈতিক বার্তা হিসেবে দেখছেন।আসিয়ানভুক্ত দেশগুলোর কয়েকটি দীর্ঘদিন ধরে সু চির সঙ্গে আন্তর্জাতিক প্রতিনিধিদের সাক্ষাতের সুযোগ চেয়ে আসলেও মিয়ানমার সরকার এতদিন তা অনুমোদন দেয়নি। পর্যবেক্ষকদের মতে, সু চিকে মুক্তি দেওয়া হলে মিয়ানমারের আঞ্চলিক ও আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।স্কাই টাইমস/ এমএ/ ০৩ আগস্ট

পাঁচ বছর পর বিদেশি প্রতিনিধির সঙ্গে মিটিং করলেন অং সান সু চি!