উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক ||
রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের পর রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আওয়ামী লীগের মিছিলের সুযোগ করে দেওয়া এবং এর বিনিময়ে অর্থ লেনদেনের অভিযোগ তুলে বিএনপি ও প্রশাসনের একাংশের বিরুদ্ধে গুরুতর প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশির।সম্প্রতি একটি টকশোতে অংশ নিয়ে তিনি দাবি করেন, আওয়ামী লীগ রাজধানীতে মিছিল করার জন্য বিএনপিকে অর্থ দেয়। তার ভাষ্য অনুযায়ী, আওয়ামী লীগের মিছিল বিএনপির জন্য আয়ের একটি উৎসে পরিণত হয়েছে।টকশোতে জয়নাল আবেদীন শিশির বলেন, আওয়ামী লীগ মিছিল করার প্রতিবাদে এনসিপি গুলশান থানায় বিক্ষোভ করেছে। জামায়াতে ইসলামীও বিক্ষোভ করেছে এবং ১১ দলীয় জোটও এ নিয়ে প্রতিবাদ জানিয়েছে। তিনি বলেন, ‘বরং আমরা জানি বিএনপি এবং প্রশাসনের কারা আওয়ামী লীগের কাছে রাস্তা ভাড়া দিয়ে টাকা নেয়। ১০ মিনিট মিছিল করবে, বিএনপিকে এত টাকা দিতে হবে। বিএনপি রাস্তা ভাড়া দেয় না এখন?’শিশির আরও দাবি করেন, আওয়ামী লীগের মিছিল করা বিএনপির জন্য এক ধরনের আর্থিক আয়ের পথ তৈরি করেছে। তিনি বলেন, ‘বিএনপির আয়ের একটা উৎস হচ্ছে আওয়ামী লীগের মিছিল করা। আওয়ামী লীগ মিছিল না করলে বিএনপি রাস্তা ভাড়া দিতে পারবে না।’তবে টকশোতে করা এসব অভিযোগের পক্ষে তিনি কোনো নির্দিষ্ট ব্যক্তি, অর্থের পরিমাণ বা লেনদেনের নথিপত্র প্রকাশ করেননি। সম্প্রতি রাজধানীর গুলশান এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল করেন। অল্প সময়ের ওই মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা বিভিন্ন স্লোগান দেন এবং পরে দ্রুত স্থান ত্যাগ করেন।কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় আওয়ামী লীগের এমন কর্মসূচি ঘিরে রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া দেখা দেয়। মিছিলের পর এনসিপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক পক্ষ প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করে।এনসিপির পক্ষ থেকে গুলশান থানায় বিক্ষোভ দেখানো হয়। দলটির নেতাকর্মীরা নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীদের প্রকাশ্যে মিছিল করার সুযোগ দেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।জামায়াতও আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ করেছে। একইভাবে ১১ দলীয় জোটের পক্ষ থেকেও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে।এদিকে আওয়ামী লীগের মিছিলকে কেন্দ্র করে প্রশাসনের ভূমিকা নিয়েও রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রশ্ন উঠেছে। বিশেষ করে রাজধানীর গুরুত্বপূর্ণ ও নিরাপত্তাসংবেদনশীল এলাকা হিসেবে পরিচিত গুলশানে কীভাবে নিষিদ্ধ একটি রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা মিছিল করার সুযোগ পেলেন? এ প্রশ্ন সামনে এসেছে।স্কাই টাইমস/ এমএ/ ১৩ সেপ্টেম্বর