উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিউজ ডেস্ক ||
বাংলাদেশে অবৈধভাবে ঠেলে পাঠানো এক বাঙালি মুসলিম নারীকে ভারতে ফিরিয়ে আনার উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন ভারতের গৌহাটি হাইকোর্ট। একই সঙ্গে ওই নারীকে আইনি প্রতিকার নেওয়ার সুযোগ না দিয়ে বাংলাদেশে পাঠানোর ঘটনায় আসাম সরকারকে অন্তর্বর্তীকালীন হিসেবে ২ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।ভারতীয় সংবাদমাধ্যম স্ক্রল ডট ইন-এর প্রতিবেদনে বলা হয়েছে, কোনো ব্যক্তিকে বাংলাদেশে পাঠানোর ক্ষেত্রে নির্ধারিত আইনি প্রক্রিয়া অনুসরণ না করায় ভারতের কোনো আদালত প্রথমবারের মতো সংশ্লিষ্ট রাজ্য সরকারের ওপর আর্থিক দায় চাপাল।মমতাজ বেগম নামের ওই নারীকে গত ১৩ থেকে ১৪ জুনের মধ্যবর্তী রাতে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে হস্তান্তর করা হয়। পরে তাকে বাংলাদেশ সীমান্তের ওপারে পাঠিয়ে দেওয়া হয় বলে আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে।ঘটনার পর তার স্বামী দীর্ঘ সময় পর্যন্ত মমতাজের অবস্থান সম্পর্কে জানতে পারেননি। পরে তিনি হেবিয়াস করপাস আবেদন করলে জানতে পারেন, তাকে ভারত থেকে বের করে দেওয়া হয়েছে।নাগরিকত্ব নিয়ে দীর্ঘ আইনি লড়াইমমতাজ বেগমের বিরুদ্ধে ভারতের আসামে বিদেশি নাগরিক হওয়ার অভিযোগ ওঠে বহু বছর আগে। ১৯৯৭ সালে তার নাম ‘ডি’ বা সন্দেহভাজন ভোটার হিসেবে চিহ্নিত করা হয়েছিল।পরবর্তীতে ২০১৭ সালে ফরেনার্স ট্রাইব্যুনাল তাকে বিদেশি হিসেবে ঘোষণা করে। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে গেলে গৌহাটি হাইকোর্ট পুনরায় শুনানির নির্দেশ দেয়।পুনরায় শুনানির পরও তাকে বিদেশি ঘোষণা করা হয়। ২০১৯ সালে হাইকোর্ট মামলাটি আবার পর্যালোচনা করে দেখতে পায়, ট্রাইব্যুনাল মমতাজের জমা দেওয়া সব প্রমাণ যথাযথভাবে বিবেচনা করেনি। এরপর আবারও শুনানির নির্দেশ দেওয়া হয়।হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী চলতি বছরের ৩০ মে মমতাজ নাগাঁও ফরেনার্স ট্রাইব্যুনালে হাজির হন।কিন্তু নতুন সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল বা আইনি প্রতিকার নেওয়ার সুযোগ পাওয়ার আগেই তাকে আটক করা হয়। পরে তাকে মাতিয়া ডিটেনশন সেন্টারে নেওয়া হয় এবং শেষ পর্যন্ত বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। ‘আইনি প্রতিকার ঠেকাতে সমন্বিতভাবে কাজ করেছে প্রশাসন’গৌহাটি হাইকোর্টের পর্যবেক্ষণে বলা হয়েছে, মমতাজকে ট্রাইব্যুনালের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জের সুযোগ থেকে বঞ্চিত করতে রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা ‘সমন্বিতভাবে’ কাজ করেছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হচ্ছে।আদালত ফরেনার্স ট্রাইব্যুনালের কার্যক্রমে ‘আইনের অপব্যবহারের উদ্দেশ্য’ বা malice in law-এর সম্ভাবনাও দেখতে পেয়েছে।মে মাসের ৩০ তারিখে ট্রাইব্যুনালের সিদ্ধান্তটি ঠিক কখন প্রস্তুত করা হয়েছিল, তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। প্রয়োজন হলে সংশ্লিষ্ট ট্রাইব্যুনাল সদস্যের কম্পিউটার জব্দ করে ফরেনসিক পরীক্ষার কথাও বলা হয়েছে।মমতাজকে ভারতে ফিরিয়ে আনার উদ্যোগমামলায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কেও যুক্ত করেছে গৌহাটি হাইকোর্ট। বাংলাদেশে অবস্থানরত মমতাজ বেগমকে খুঁজে বের করে তাকে ভারতে ফিরিয়ে আনার জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় উদ্যোগ নিতে নির্দেশ দেওয়ার কথা জানিয়েছে আদালত।এর উদ্দেশ্য হলো, ভারতে ফিরে মমতাজ যেন তাকে বিদেশি ঘোষণা করা ট্রাইব্যুনালের সিদ্ধান্তের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ পান।পুলিশের জন্য নতুন নির্দেশনারায়ের পাশাপাশি আসাম পুলিশকেও কয়েকটি নির্দেশ দিয়েছে হাইকোর্ট।আদালত বলেছে, কোনো ব্যক্তিকে ফরেনার্স ট্রাইব্যুনাল বিদেশি ঘোষণা করলে তাকে আটক করার আগে সংশ্লিষ্ট সিদ্ধান্তের বিষয়ে অবহিত করতে হবে।এ ছাড়া কোনো আটক ব্যক্তিকে এক জেলা থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার ক্ষেত্রে তার প্রাপ্তবয়স্ক পরিবারের সদস্যদেরও বিষয়টি জানাতে হবে।আদালতের এই নির্দেশকে মানবাধিকার ও আইনি প্রতিকার নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে কাউকে দেশ থেকে বহিষ্কার করার আগে তার বিরুদ্ধে দেওয়া সিদ্ধান্ত চ্যালেঞ্জ করার সুযোগ নিশ্চিত করা হয়েছে কি না, সেটি ভবিষ্যতে প্রশাসনের জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।মমতাজ বেগমের মামলায় আদালতের ক্ষতিপূরণের নির্দেশ এবং তাকে ভারতে ফিরিয়ে আনার উদ্যোগ—দুটিই আসামে বিদেশি শনাক্তকরণ ও বহিষ্কার প্রক্রিয়া নিয়ে চলমান বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে।স্কাই টাইমস/ এমএ/ ০৭ সেপ্টেম্বর