উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাকসুদ আলম ||
হবিগঞ্জে লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, গ্যাস সংকট এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব মাহদী হাসানসহ তিনজনকে আটক করেছে পুলিশ।সোমবার (১৭ আগস্ট) বিকেল ৫টার দিকে শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি চলার সময় পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে আটক তিনজনকে হবিগঞ্জ সদর থানায় নেওয়া হয়।স্থানীয়দের দাবি, বিকেল থেকেই বিভিন্ন শিক্ষার্থী ও সাধারণ মানুষ কোর্ট মসজিদ এলাকায় জড়ো হতে শুরু করেন। আসরের নামাজ শেষে মিছিল বের করার প্রস্তুতি চলাকালে পুলিশ সেখানে উপস্থিত হয়ে মাহদী হাসানসহ তিনজনকে হেফাজতে নেয়।হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, বিক্ষোভকে কেন্দ্র করে সম্ভাব্য বিশৃঙ্খলা এড়ানো এবং জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে তাদের আটক করা হয়েছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো মামলা দায়েরের তথ্য তিনি জানাননি।এর আগে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি ভারত সফর শেষে দেশে ফেরার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ মাহদী হাসানকে প্রায় দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে। পরে তাকে ছেড়ে দেওয়া হয়। পুলিশ জানিয়েছিল, তার বিরুদ্ধে থাকা একটি মামলার তথ্য এবং বিদেশ ভ্রমণসংক্রান্ত বিষয় যাচাই করতেই ওই জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এ ছাড়া জানুয়ারির শুরুতে শায়েস্তাগঞ্জ থানায় এক তরুণকে আটককে কেন্দ্র করে থানায় গিয়ে বিতর্কিত বক্তব্য দেওয়ার অভিযোগে মাহদী হাসানকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে আন্দোলনের মুখে ২৪ ঘণ্টা পূর্ণ হওয়ার আগেই তিনি জামিনে মুক্তি পান।স্কাই টাইমস / এমএ / ১৭ আগস্ট