উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাকসুদ আলম ||
জাতীয়তাবাদী ছাত্রদলের বর্তমান কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে চলতি বছরের ফেব্রুয়ারিতে। এরপর থেকেই সংগঠনটির নতুন নেতৃত্ব নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। ছাত্রদলের অধিকাংশ সাংগঠনিক ইউনিটের কাজ শেষ করে নতুন কেন্দ্রীয় কমিটির জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা। এখন নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব হস্তান্তরের অপেক্ষা।নতুন কমিটিকে ঘিরে সম্ভাব্য পদপ্রার্থীদের মধ্যে তৎপরতা বেড়েছে। বিএনপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগের পাশাপাশি নিজেদের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড তুলে ধরছেন তারা। তবে শেষ পর্যন্ত কারা নেতৃত্বে আসবেন, সে সিদ্ধান্ত বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ওপর নির্ভর করছে বলে দলটির নেতারা জানিয়েছেন।মেয়াদ শেষ, নতুন কমিটির অপেক্ষা২০২৪ সালের ১ মার্চ ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক হিসেবে নাছির উদ্দীন নাছির দায়িত্ব নেন। সংগঠনের প্রস্তাবিত খসড়া গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় সংসদের মেয়াদ দুই বছর। সে হিসাবে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়।ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, সাংগঠনিক কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। বিএনপির চেয়ারম্যান যখন প্রয়োজন মনে করবেন, তখনই নতুন কমিটি ঘোষণা করা হবে।দলটির একাধিক সূত্রের দাবি, নতুন কমিটির বিষয়ে প্রাথমিক প্রক্রিয়া শেষ হয়েছে এবং যেকোনো সময় ঘোষণা আসতে পারে। এর মধ্য দিয়ে বর্তমান রাকিব-নাছির নেতৃত্বের অধ্যায়ও শেষ হবে।নেতৃত্ব নির্বাচনে গুরুত্ব পাচ্ছে অভিজ্ঞতাবিএনপি ও ছাত্রদলের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নতুন নেতৃত্ব বাছাইয়ে কয়েকটি বিষয় গুরুত্ব পাচ্ছে। এর মধ্যে রয়েছে দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, আন্দোলন-সংগ্রামে ভূমিকা, সাংগঠনিক দক্ষতা, কর্মীদের সঙ্গে যোগাযোগ এবং দলের প্রতি আনুগত্য।দলীয় সূত্রগুলো বলছে, অতীতে বিভিন্ন সময় কমিটি গঠনে প্রভাবশালী বলয় বা ব্যক্তিকেন্দ্রিক সুপারিশের অভিযোগ উঠলেও এবার পরীক্ষিত ও মাঠপর্যায়ে সক্রিয় নেতাদের গুরুত্ব দেওয়ার আলোচনা রয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্যতা, সাংগঠনিক সক্ষমতা এবং ভবিষ্যতের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার দক্ষতাও বিবেচনায় আসতে পারে।নেতৃত্ব নির্বাচনে ব্যাচভিত্তিক ধারাবাহিকতার বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দীর্ঘ সময় ধরে রাজনৈতিক পরিস্থিতির কারণে সময়মতো কমিটি না হওয়ায় সংগঠনে নেতৃত্বের জট তৈরি হয়েছে। ফলে নতুন নেতৃত্ব নির্বাচনের পাশাপাশি পরবর্তী সময়ে নির্দিষ্ট সময়ের মধ্যে কমিটি দেওয়ার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।ঢাবি থেকে আলোচনায় একাধিক নেতাছাত্রদলের শীর্ষ দুই পদে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা থেকে নেতৃত্ব আসার সম্ভাবনা নিয়ে সংগঠনের সাবেক ও বর্তমান নেতাদের মধ্যে আলোচনা রয়েছে।২০০৮-০৯ শিক্ষাবর্ষের নেতাদের মধ্যে বর্তমান কেন্দ্রীয় কমিটির সহসভাপতি খোরশেদ আলম সোহেলের নাম আলোচনায় রয়েছে। দীর্ঘদিন ধরে সংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করা সোহেল আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন বলে দলীয় সূত্রগুলো জানিয়েছে। ঢাবি ছাত্রদলের সভাপতিসহ কেন্দ্রীয় ও হল শাখার বিভিন্ন দায়িত্বও পালন করেছেন তিনি।একই ব্যাচের মনজুরুল আলম রিয়াদ, এবিএম ইজাজুল কবির রুয়েল ও সাফি ইসলামও সম্ভাব্য নেতৃত্বের আলোচনায় রয়েছেন। রিয়াদ বর্তমানে কেন্দ্রীয় কমিটির সহসভাপতি। এর আগে যুগ্ম সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন তিনি।২০০৯-১০ শিক্ষাবর্ষের নেতাদের মধ্যে বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান, ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান এবং মোস্তাফিজুর রহমানের নামও আলোচনায় রয়েছে।জিসানকে দীর্ঘদিনের সাংগঠনিক কর্মকাণ্ডের জন্য পরিচিত নেতা হিসেবে উল্লেখ করছেন সংশ্লিষ্টরা। ফারুক হোসেনের ক্ষেত্রে সাংগঠনিক দক্ষতা ও কর্মীদের সঙ্গে যোগাযোগের বিষয়টি আলোচনায় এসেছে। আমানও ঢাবি ছাত্রদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। আর ২০১৯ সালের ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভিপি প্রার্থী ছিলেন মোস্তাফিজুর রহমান।২০১০-১১ ব্যাচেও একাধিক নাম২০১০-১১ শিক্ষাবর্ষ থেকে কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারিক, ঢাবি শাখার সভাপতি গণেশ চন্দ্র সাহস, সিনিয়র সহসভাপতি মাসুম বিল্লাহ মাসুম এবং সহসভাপতি আনিসুর রহমান খন্দকার অনিকের নাম আলোচনায় রয়েছে।তারিক দীর্ঘ সময় ধরে রাজপথের কর্মসূচিতে সক্রিয় ছিলেন বলে দলীয় নেতারা জানিয়েছেন। বিভিন্ন সময় হামলা, মামলা ও গ্রেপ্তারের মুখোমুখি হওয়ার কথাও তার রাজনৈতিক পরিচিতির সঙ্গে উঠে আসে। সংগঠনের শীর্ষ নেতৃত্বের আস্থাভাজন হিসেবে তার নাম সাধারণ সম্পাদক পদের আলোচনায় রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।আনিসুর রহমান অনিক ২০১৯ সালের ডাকসু নির্বাচনে ছাত্রদলের জিএস প্রার্থী ছিলেন। আন্দোলন-সংগ্রামে তার ভূমিকা এবং শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য ও রাজনৈতিক অবস্থানের কারণে তিনিও সম্ভাব্য নেতৃত্বের তালিকায় রয়েছেন।২০১১-১২ ব্যাচে রাজু আহমেদ এগিয়ে২০১১-১২ শিক্ষাবর্ষের নেতাদের মধ্যে কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদকে ঘিরে আলোচনা তুলনামূলক বেশি। ঢাবি ও হল পর্যায়ের বিভিন্ন দায়িত্ব পালন করা রাজু প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতেও সক্রিয় ছিলেন বলে দলীয় সূত্রগুলো জানিয়েছে।এ ছাড়া সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিনহাজ আহমেদ প্রিন্স, ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এবং গাজী মো. সাদ্দাম হোসেনের নামও সম্ভাব্য নেতৃত্বের আলোচনায় রয়েছে।রাজু আহমেদ বলেন, নতুন নেতৃত্ব ও নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার জন্য সারা দেশের ছাত্রদল অপেক্ষা করছে। দলীয় সিদ্ধান্তের ভিত্তিতেই নতুন কমিটি আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।ঢাকার বাইরে সম্ভাব্য প্রার্থীঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরেও কয়েকজন নেতার নাম নতুন কমিটির সম্ভাব্য নেতৃত্ব হিসেবে আলোচনায় রয়েছে। তাদের মধ্যে রয়েছেন ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল, কাজী জিয়াউদ্দিন বাসেত, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আবু হোরায়রা এবং সাধারণ সম্পাদক এম রাজীবুল ইসলাম তালুকদার বিন্দু।দলীয় সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী, আন্দোলন-সংগ্রামে সক্রিয়তা, সাংগঠনিক ভূমিকা এবং রাজনৈতিক অভিজ্ঞতার কারণে তাদের নাম বিবেচনায় রয়েছে।বর্তমান সাধারণ সম্পাদক থাকছেন নাবর্তমান সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির জানিয়েছেন, নতুন কমিটিতে নিজের থাকার বিষয়ে তার আগ্রহ নেই। তিনি বলেন, নতুন সাংগঠনিক কাঠামো গড়ে তুলে বর্তমান দায়িত্ব শেষ করতে চান।তার ভাষ্য অনুযায়ী, ২০১৯ সালের সর্বশেষ কাউন্সিলে ছাত্রদলের কাউন্সিলররা বিএনপির চেয়ারম্যানকে কমিটি গঠনের পূর্ণ ক্ষমতা দেন। সেই ক্ষমতাবলেই দলের চেয়ারম্যান ছাত্রদলের নেতৃত্ব নির্ধারণ করবেন।রেকর্ড সংখ্যক সাংগঠনিক ইউনিটের দাবিবর্তমান কমিটির অন্যতম আলোচিত বিষয় হলো সংগঠন সম্প্রসারণ ও বিভিন্ন ইউনিটে কমিটি গঠন। সাধারণ সম্পাদক নাছিরের দাবি, তাদের দায়িত্বকালীন প্রায় ২ হাজার ১০০ শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের কমিটি করা হয়েছে। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ জেলা ও মহানগরের অধিকাংশ কমিটিও পুনর্গঠন করা হয়েছে।তিনি জানান, কয়েকটি ইউনিটের কাজ এখনো বাকি থাকলেও সেগুলোর প্রস্তুতি শেষ। দল নির্দেশ দিলে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া হবে।নাছিরের দাবি, দেশের এক হাজারের বেশি নতুন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের সাংগঠনিক কাঠামো তৈরি করা হয়েছে। এসব কার্যক্রমকে সংগঠনের ইতিহাসে বড় ধরনের সাংগঠনিক উদ্যোগ হিসেবে দেখছেন তিনি।চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষাসব মিলিয়ে ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি নিয়ে একাধিক ব্যাচ ও বিভিন্ন সাংগঠনিক পর্যায়ের নেতাদের নাম আলোচনায় রয়েছে। বিশেষ করে ২০০৮-০৯, ২০০৯-১০ এবং ২০১০-১১ শিক্ষাবর্ষের নেতাদের মধ্য থেকে শীর্ষ নেতৃত্ব আসতে পারে—এমন আলোচনা জোরালো।তবে আলোচনায় থাকা নামগুলোর মধ্যে শেষ পর্যন্ত কারা সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পাবেন, তা নির্ভর করছে বিএনপির শীর্ষ নেতৃত্বের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর। ফলে দীর্ঘ প্রতীক্ষার পর ছাত্রদলের নতুন কমিটিতে কারা জায়গা পাচ্ছেন, সেটিই এখন সংগঠনটির নেতাকর্মীদের প্রধান আগ্রহের বিষয়।স্কাই টাইমস / এমএ / ১২ আগস্ট