উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিউজ ডেস্ক ||
হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত ছয় মাস বয়সী শিশু আফিয়াকে বাঁচাতে ফরিদপুর থেকে ঢাকায় এসেছিলেন স্বজনেরা। প্রয়োজন ছিল জরুরি অক্সিজেন সহায়তা ও শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্রের (পিআইসিইউ) একটি শয্যা। কিন্তু রাতভর রাজধানীর একাধিক হাসপাতালে ঘুরেও পিআইসিইউ না পাওয়ায় শেষ পর্যন্ত শিশুটিকে নিয়ে ফরিদপুরে ফিরতে হয় পরিবারকে। পরে রবিবার রাতে শিশুটির মৃত্যু হয়েছে।শিশুটির চাচা জুনায়েদ শেখের ভাষ্য অনুযায়ী, প্রায় দুই সপ্তাহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পরও আফিয়ার অবস্থার উন্নতি হচ্ছিল না। এ অবস্থায় গত শুক্রবার রাতে অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় আনা হয়।রাত ১২টার দিকে প্রথমে আফিয়াকে আগারগাঁওয়ের বাংলাদেশ শিশু হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় পিআইসিইউ সুবিধা না থাকায় চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে স্বজনেরা ঢাকা মেডিকেলে গেলেও সেখানে পিআইসিইউ শয্যা খালি পাওয়া যায়নি বলে পরিবারটির দাবি। অক্সিজেন সহায়তার ব্যবস্থাও করা সম্ভব হয়নি।এরপর শিশুটিকে মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেও পিআইসিইউ শয্যা না থাকায় ভর্তি করা সম্ভব হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ হামের রোগীর জন্য প্রয়োজনীয় আইসোলেশন সুবিধা না থাকার কথা জানায় বলে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে।রাত প্রায় ৪টার দিকে আফিয়াকে নিয়ে স্বজনেরা মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে যান। সেখান থেকেও প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে শেষ পর্যন্ত শিশুটিকে নিয়ে ফরিদপুরে ফিরে যেতে হয়।পরিবারের দাবি, পরদিনও ঢাকার বিভিন্ন হাসপাতালে পিআইসিইউ শয্যার জন্য যোগাযোগ করা হলেও কোনো ব্যবস্থা করা যায়নি। বেসরকারি কয়েকটি হাসপাতালেও খোঁজ নেওয়া হয়েছিল। তবে সেখানে চিকিৎসার ব্যয় পরিবারের সামর্থ্যের বাইরে ছিল বলে জানান শিশুটির চাচা।রবিবার রাত ১০টার দিকে ফরিদপুরে আফিয়ার মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।জুনায়েদ শেখ অভিযোগ করেন, জরুরি সময়ে শিশুটির জন্য প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হয়নি। তিনি বলেন, সাধারণ পরিবারের জন্য উন্নত চিকিৎসা পাওয়ার সুযোগ সীমিত হয়ে পড়ছে এবং স্বাস্থ্যসেবায় বৈষম্য রয়েছে।এদিকে রাজধানীর সরকারি হাসপাতালগুলোতে শিশুদের জন্য পিআইসিইউ সুবিধার সীমাবদ্ধতার বিষয়টিও সামনে এসেছে আফিয়ার মৃত্যুর ঘটনায়। সংশ্লিষ্টদের মতে, সংকটাপন্ন শিশুদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে পর্যাপ্ত পিআইসিইউ শয্যা, প্রয়োজনীয় জনবল ও বিশেষায়িত চিকিৎসা সুবিধা বাড়ানো জরুরি।স্কাই টাইমস/ এমএ/ ১০ আগস্ট