উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক ||
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগকে ‘পালিয়ে যাওয়া’ হিসেবে অভিহিত করেছেন সাংবাদিক গোলাম মর্তুজা। একই সঙ্গে শেখ হাসিনা কীভাবে দেশ ছেড়েছিলেন, তা নিয়ে বিভিন্ন বক্তব্যকে ‘প্রোপাগান্ডা’ আখ্যা দিয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন তিনি।সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে এসব কথা বলেন সাংবাদিক গোলাম মর্তুজা। তাঁর পোস্টের শিরোনাম ছিল— ‘হাসিনা কী পালিয়েছে? দেশি-বিদেশি প্রোপাগান্ডার জবাব’।পোস্টের শুরুতেই তিনি সরাসরি বলেন, হাসিনা পালিয়েছে।’ এরপর শেখ হাসিনার দেশত্যাগের সময়কার ঘটনাপ্রবাহ তুলে ধরে তিনি দাবি করেন, দেশ ছাড়ার আগে প্রধানমন্ত্রীর গাড়িবহর সড়কে বের করে মানুষকে বিভ্রান্ত করা হয়েছিল।গোলাম মর্তুজার দাবি, এরপর শেখ হাসিনা গণভবন থেকে গোপনে বের হয়ে বাণিজ্য মেলার মাঠে যান এবং সেখান থেকে হেলিকপ্টারে করে ঢাকার বিমানবন্দরসংলগ্ন বিমান ঘাঁটিতে পৌঁছান। পরে বিমান বাহিনীর উড়োজাহাজে করে তিনি দেশ ছাড়েন বলে দাবি করেন এই সাংবাদিক।তবে এসব দাবির পক্ষে পোস্টে তিনি কোনো নথি বা স্বাধীন সূত্র উল্লেখ করেননি। তাঁর বক্তব্য মূলত নিজস্ব পর্যবেক্ষণ ও দাবির ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে।শেখ হাসিনা স্বাভাবিক নিয়মে দেশ ছাড়েননি দাবি করে গোলাম মর্তুজা লিখেছেন, তিনি ঘোষণা দিয়ে হেলিকপ্টার বা উড়োজাহাজে ওঠেননি; বরং গোপনে দেশ ছাড়ার ব্যবস্থা করা হয়েছিল। এ সময় সামরিক বাহিনীর একটি অংশ তাঁকে দেশ ছাড়তে সহযোগিতা করেছিল বলেও দাবি করেন তিনি।পোস্টে তিনি আরও কয়েকজন সাবেক আওয়ামী লীগ নেতা ও কর্মকর্তার দেশত্যাগের প্রসঙ্গ টেনে বলেন, কোনো ব্যক্তিকে পালিয়ে যেতে সহায়তা করা হলে সেটিকে কেবল এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার ঘটনা হিসেবে দেখা যায় না।শেখ হাসিনার দেশত্যাগকে ‘পালানো’ বলা যাবে না—এমন বক্তব্যের বিরোধিতা করে গোলাম মর্তুজা কয়েকটি শর্তের কথা তুলে ধরেন। তাঁর ভাষ্য, যদি নিয়মিত গাড়িবহর নিয়ে তিনি বিমানবন্দর বা বিমানঘাঁটিতে যেতেন কিংবা প্রকাশ্যে ঘোষণা দিয়ে হেলিকপ্টার ও উড়োজাহাজে দেশ ছাড়তেন, তাহলে বিষয়টি ভিন্নভাবে দেখা যেত।সামরিক সহায়তায় পালানোর নজির:নিজের বক্তব্যের পক্ষে উদাহরণ হিসেবে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও নেপালের সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির প্রসঙ্গও টেনে আনেন তিনি।গোলাম মর্তুজা বলেন, বিভিন্ন দেশে ক্ষমতাচ্যুত বা সংকটে পড়া শাসকদের সামরিক বাহিনীর সহায়তায় হেলিকপ্টার বা উড়োজাহাজে দেশ ছাড়ার নজির রয়েছে। তাঁর মতে, শেখ হাসিনার দেশত্যাগও সেই ধরনের একটি ঘটনা।অন্যদিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দেশত্যাগের ঘটনাকে তুলনামূলক ভিন্ন হিসেবে তুলে ধরেন তিনি। আদালতের অনুমতি নিয়ে চিকিৎসার জন্য লন্ডনে গিয়ে আর দেশে না ফেরার ঘটনাকে তাঁর মতে ‘পালিয়ে যাওয়া’ হিসেবে অভিহিত করা নাও যেতে পারে।'কল রেকর্ডে প্রমাণ রয়েছে’ দাবিশেখ হাসিনার দেশত্যাগের সঙ্গে তাঁর নিজের যোগাযোগের বিষয়টি নিয়েও পোস্টে দাবি করেছেন গোলাম মর্তুজা। তিনি বলেন, শেখ হাসিনার কল রেকর্ডে স্যাটেলাইট ফোন ব্যবহারের মাধ্যমে পালানোর যোগাযোগের প্রমাণ রয়েছে।তাঁকে জয় বা শেখ রেহানা বুঝিয়েছেন কিংবা অন্য কেউ দেশ ছাড়ার জন্য রাজি করিয়েছেন—এ ধরনের বক্তব্যকে তিনি ‘প্রোপাগান্ডা’ বলে মন্তব্য করেন।গোলাম মর্তুজার মতে, আন্দোলনকারীদের সঙ্গে কোনো ধরনের দর-কষাকষির ভিত্তিতে যদি শেখ হাসিনাকে দেশ ছাড়ার সুযোগ দেওয়া হতো, তাহলে ঘটনাটিকে ভিন্নভাবে ব্যাখ্যা করা যেত। কিন্তু তাঁর দাবি, এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি।পোস্টের শেষদিকে তিনি বলেন, আন্দোলনকারীদের ভয়ে সামরিক বাহিনীর সহযোগিতা নিয়ে শেখ হাসিনা দেশ ছেড়েছেন এবং যে কোনো বিবেচনায় তাঁর এই দেশত্যাগকে ‘পালিয়ে যাওয়া’ বলাই যথাযথ।স্কাই টাইমস/ এমএ/ ১০ আগস্ট