উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাকসুদ আলম ||
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীকে গুমের ঘটনায় বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।রোববার (৯ আগস্ট) প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল এই আদেশ দেন। মামলার প্রসিকিউটর শাইখ মাহদি জানান, ইলিয়াস আলীকে অপহরণের ঘটনায় প্রাথমিক তদন্ত এবং সাক্ষীদের দেওয়া জবানবন্দিতে সাইফুর রহমানের সরাসরি সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। সম্প্রতি তাকে গ্রেপ্তার করে বিমানবাহিনীর হেফাজতে রাখা হয়েছে—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়লেও এর সত্যতা মেলেনি বলে জানান তিনি।প্রসিকিউটর বলেন, রোববার ট্রাইব্যুনালে সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চেয়ে আবেদন করা হলে আদালত তা অনুমোদন করেন। তদন্তসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, প্রায় দেড় দশক আগে ইলিয়াস আলীকে তুলে নেওয়ার প্রথম চেষ্টা ব্যর্থ হওয়ার পর দ্বিতীয় দফায় তাকে অপহরণ করা হয়। ওই অভিযানের নেতৃত্বে ছিলেন তৎকালীন র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল আহসান। তদন্তে ইলিয়াস আলীকে দ্বিতীয় দফার ওই অভিযানে তুলে নেওয়ার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।ঘটনার সময় বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার সাইফুর রহমান র্যাবের গোয়েন্দা শাখায় দায়িত্ব পালন করছিলেন। অন্যদিকে জিয়াউল আহসান ছিলেন ওই শাখার পরিচালক। সাইফুর রহমান সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের জামাতা। তিনি সর্বশেষ বিমান সদর দপ্তরের ‘ডিরেক্টরেট অব এয়ার ট্রেনিং’-এর ডেপুটি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন।এর আগে গত ২১ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শতাধিক গুম ও হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইমরুল কায়েস সাক্ষ্য দেন। তার জবানবন্দিতে ইলিয়াস আলীর গুম ও হত্যার ঘটনায় সাইফুর রহমানের নাম উঠে আসে। ইলিয়াস আলী গুমের ঘটনায় এরই মধ্যে বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানকে গ্রেপ্তার করে রাখা হয়েছে।স্কাই টাইমস / এমএ / ০৯ আগস্ট