উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আব্দুল্লাহ আল মানছুর ||
কুমিল্লার দেবীদ্বারে ফরিদা বেগম (৫৫) নামে এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় তাঁর বাড়ির ভাড়াটিয়া এক নারীকে আটক করেছে পুলিশ। শনিবার (৮ আগস্ট) বিকেলে দেবীদ্বার পৌর এলাকার ছোটআলমপুর মোহনা আবাসিক এলাকা থেকে মরদেহের বিভিন্ন অংশ উদ্ধার করা হয়।নিহত ফরিদা বেগম ফতেহাবাদ ভূঁইয়া বাড়ির মফিজুল ইসলাম ভূঁইয়ার স্ত্রী। স্বামী চট্টগ্রামে জাহাজে চাকরি করেন। পরিবারের সদস্যরা জানান, ফরিদা স্বামী-সন্তানদের থেকে আলাদা ওই বাড়িতে বসবাস করতেন।পুলিশ ও স্বজনদের ভাষ্য অনুযায়ী, শনিবার সকালে ফরিদাকে বাড়িতে পাওয়া যাচ্ছিল না। নিয়মিত হাঁটার অভ্যাস থাকায় স্বজনরা প্রথমে ধারণা করেন তিনি বাইরে গেছেন। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন তাঁরা।একপর্যায়ে বিকেলে ফরিদার বোনের ছেলে মামুন বাড়ির পেছনে কয়েকটি পলিথিনের প্যাকেট দেখতে পান। সন্দেহ হওয়ায় কাছে গিয়ে তিনি ভেতরে মরদেহের অংশ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।দেবীদ্বার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নয়টি পলিথিনে মোড়ানো মরদেহের অংশ উদ্ধার করে। তবে মরদেহের কিছু অংশ এখনো উদ্ধার হয়নি বলে জানিয়েছে পুলিশ।ঘটনার পর নিহতের স্বজন ও স্থানীয়দের সন্দেহের ভিত্তিতে বাড়ির ভাড়াটিয়া লাইলী বেগমকে আটক করা হয়। স্থানীয় কয়েকজন তাঁকে মারধর করে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয় এবং থানায় নিয়ে যায়।পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে লাইলী বেগম হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন এবং আরও কয়েকজনের নাম বলেছেন। তবে তাঁর দেওয়া তথ্য যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।নিহতের পরিবার জানায়, চলতি মাসের ১ তারিখে লাইলী বেগম ওই বাড়ির একটি কক্ষ ভাড়া নেন। তাঁর স্বামী আবুল কালাম চাপানগর এলাকার বাসিন্দা এবং পেশায় ট্রাক্টরচালক।দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, নয়টি প্যাকেট থেকে ফরিদা ইয়াসমিনের মরদেহের বিভিন্ন অংশ উদ্ধার করা হয়েছে। কিছু অংশ এখনো পাওয়া যায়নি। আটক নারী জিজ্ঞাসাবাদে আরও চারজনের নাম জানিয়েছেন। তাঁদের সংশ্লিষ্টতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।পুলিশ বলছে, হত্যাকাণ্ডে আরও কেউ জড়িত ছিল কি না এবং ঘটনার প্রকৃত কারণ কী—তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে মরদেহের বাকি অংশ উদ্ধারে অভিযান চলছে।লাইলীর বিরুদ্ধে আগের মামলার তথ্যপুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, ২০২১ সালের একটি হত্যা মামলায়ও লাইলী বেগমের নাম এসেছিল। ওই ঘটনায় তাঁর বিরুদ্ধে শিশুহত্যার অভিযোগে মামলা হয় এবং তাঁকে আরও কয়েকজনের সঙ্গে গ্রেপ্তার করা হয়েছিল।মামলার পর আদালতের প্রক্রিয়ায় লাইলী বেগমের কারাদণ্ড হয়েছিল বলে স্থানীয় সূত্র জানিয়েছে। সম্প্রতি তিনি জামিনে মুক্ত হয়ে বের হন। এরপরই চলতি মাসের ১ আগস্ট ফরিদা বেগমের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে ওঠেন বলে পরিবার জানিয়েছে।বর্তমান ঘটনায় তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।স্কাই টাইমস/ এমএ/ ০৯ আগস্ট