উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাকসুদ আলম ||
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের নাম ঘোষণা করা হয়েছে। জোটের পক্ষ থেকে মনোনয়ন পাওয়ার পর তিনি বলেছেন, তার চেয়ে যোগ্য কোনো প্রার্থী থাকলে তাকে মনোনয়ন দেওয়া হলে তিনি সেটিও স্বাগত জানাবেন। তবে অন্য কোনো যোগ্য প্রার্থী না থাকলে বিএনপির সংসদ সদস্যদের তার পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।রোববার (৯ আগস্ট) দুপুর ১টার দিকে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের বাসভবনে ১১ দলীয় ঐক্যজোটের নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন অলি আহমদ।রাষ্ট্রপতি পদে নিজের নাম প্রস্তাবের বিষয়ে তিনি বলেন, ১১ দলীয় ঐক্যজোটের সব দলের সম্মতিতে তার নাম প্রস্তাব করা হয়েছে। দেশের স্বার্থে রাষ্ট্রপতি হিসেবে যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।নিজের রাজনৈতিক ও ব্যক্তিগত পরিচয় তুলে ধরে অলি আহমদ বলেন, তিনি একজন মুক্তিযোদ্ধা। তিনবার মন্ত্রী এবং ছয়বার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার বিরুদ্ধে কোনো ধরনের দুর্নীতি বা কেলেঙ্কারির অভিযোগ নেই বলেও দাবি করেন তিনি।রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির সংসদ সদস্যদের সমর্থন পাওয়ার বিষয়ে অলি আহমদ বলেন, তার চেয়ে ভালো প্রার্থী থাকলে অন্য কাউকে প্রার্থী করা যেতে পারে এবং তাতে তিনি আনন্দিত হবেন। তবে ভালো কোনো প্রার্থী না থাকলে সরকারি দলের সংসদ সদস্যরা তাকে ভোট দিয়ে দেশকে সঠিক পথে পরিচালনার সুযোগ সৃষ্টি করবেন—এমন প্রত্যাশা করেন তিনি।অলি আহমাদের একসময় বিএনপিতে থাকার বিষয়টি নিয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনি এ বিষয়ে এখনই মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া এখনো শুরু হয়নি। মনোনয়নপত্র জমা দেওয়ার পর পরিস্থিতি অনুযায়ী এ বিষয়ে বিস্তারিত কথা বলবেন।এর আগে রোববার দুপুরে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমাদকে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকটি অনুষ্ঠিত হয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের মিন্টো রোডের বাসভবনে। বৈঠক শেষে দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে সাংবাদিকদের ব্রিফ করে ১১ দলীয় ঐক্যজোটের সিদ্ধান্তের কথা জানান বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।স্কাই টাইমস / এমএ / ০৯ আগস্ট