উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাকসুদ আলম ||
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদের নাম ঘোষণা করা হয়েছে।রোববার (৯ আগস্ট) দুপুরে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জোটের শীর্ষ নেতাদের বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বৈঠক শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করতে ১১ দলীয় জোটের নেতারা বৈঠকে বসেন। এতে রাষ্ট্রপতি নির্বাচন ছাড়াও জোটের পারস্পরিক রাজনৈতিক সমঝোতা ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা হয়।বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার, এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ১১ দলীয় জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদসহ শীর্ষ নেতারা অংশ নেন।চট্টগ্রামে জন্ম নেওয়া অলি আহমেদ ১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনীর অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কর্মরত ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি প্রতিরোধযুদ্ধে অংশ নেন। পরবর্তী সময়ে ভারতে পুনর্গঠিত মুক্তিবাহিনীর জেড ফোর্সের অধীনে তিনি যুদ্ধ করেন।স্বাধীনতার পর বাংলাদেশ সেনাবাহিনীতে দায়িত্ব পালন করে কর্নেল পদে উন্নীত হন অলি আহমেদ। পরে সামরিক জীবন ছেড়ে রাজনীতিতে যুক্ত হন জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠার পর অলি আহমেদ সেনাবাহিনীর চাকরি ছেড়ে দলটির রাজনীতিতে যোগ দেন। এরশাদবিরোধী আন্দোলনেও তিনি সক্রিয় ছিলেন। ১৯৯১ সালে বিএনপি সরকার গঠন করলে তিনি যোগাযোগমন্ত্রীর দায়িত্ব পান। তার দায়িত্বকালেই যমুনা সেতু নির্মাণের কাজ শুরু হয়।দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পর ২০০৬ সালের ২৬ অক্টোবর সাবেক রাষ্ট্রপতি এ. কিউ. এম. বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে মিলে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) গঠন করেন অলি আহমেদ। পরবর্তীতে দুজনের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য তৈরি হয়। বর্তমানে অলি আহমেদ এলডিপির সভাপতির দায়িত্বে রয়েছেন। ২০২৬ সালের জাতীয় নির্বাচনে তার দল জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সঙ্গে নির্বাচনে অংশ নেয়।স্কাই টাইমস / এমএ / ০৯ আগস্ট