উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলে ওয়াশরুম ব্যবহারকে কেন্দ্র করে এক শিক্ষার্থীর সঙ্গে বাকবিতণ্ডা ও মারধরের ঘটনায় আব্দুল্লাহ আল মাহফুজ নামে এক শিক্ষার্থীকে ছয় মাসের জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে হলে তার বরাদ্দকৃত সিটও বাতিল করেছে হল প্রশাসন।সম্প্রতি বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. স ম আলী রেজা স্বাক্ষরিত এক নোটিশে এ সিদ্ধান্ত জানানো হয়। নোটিশ অনুযায়ী, আগামী ছয় মাসের জন্য মাহফুজ হলের আবাসিক সুবিধা থেকে বঞ্চিত থাকবেন। হল প্রশাসনের নোটিশে বলা হয়েছে, বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহফুজকে ৬ আগস্ট ২০২৬ থেকে পরবর্তী ছয় মাসের জন্য বিজয় একাত্তর হল থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি যমুনা ব্লকের ৯০০৫ (সি-২) নম্বর কক্ষে তার বরাদ্দ করা সিট বাতিল করা হয়েছে।নোটিশে উল্লেখ করা হয়, গত ১৯ জুলাই রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে যমুনা ব্লকের অতিথি কক্ষের পাশের ওয়াশরুম ব্যবহারকে কেন্দ্র করে মাহফুজের সঙ্গে হলের আবাসিক শিক্ষার্থী আহমেদ শাহরিয়ার নীড়ের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। নীড় টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং যমুনা ব্লকের ৪০০৬ (সি-২) নম্বর কক্ষে থাকতেন।ঘটনার পর বিজয় একাত্তর হল ছাত্রদলের পক্ষ থেকে হল প্রাধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়। অভিযোগের ভিত্তিতে হল প্রশাসন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত শেষে মাহফুজের বিরুদ্ধে ছয় মাসের বহিষ্কার ও সিট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।অভিযোগ অনুযায়ী, ১৯ জুলাই আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপের ফাইনাল চলাকালে ওয়াশরুম ব্যবহার নিয়ে মাহফুজ ও নীড়ের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিষয়টি হাতাহাতিতে গড়ায়। অভিযোগে মাহফুজের বিরুদ্ধে নীড়কে মারধর এবং তাকে নিজের কক্ষে নিয়ে যাওয়ার চেষ্টা করার কথাও উল্লেখ করা হয়েছে।ঘটনার পর বিভিন্ন মাধ্যমে আব্দুল্লাহ আল মাহফুজকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হলেও তিনি এ অভিযোগ অস্বীকার করেছেন। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরও দাবি করেছে, মাহফুজের সঙ্গে সংগঠনটির কোনো সাংগঠনিক সম্পর্ক নেই।শুক্রবার (৭ আগস্ট) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক মো. মিফতাহুল হোসাইন আল মারুফ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি করা হয়। বিবৃতিতে বলা হয়, বহিষ্কৃত শিক্ষার্থীকে বিভিন্ন সংবাদমাধ্যম ছাত্রশিবিরের কর্মী হিসেবে প্রচার করলেও সংগঠনটির পক্ষ থেকে একাধিকবার জানানো হয়েছে যে, ওই শিক্ষার্থীর সঙ্গে ছাত্রশিবিরের কোনো ধরনের সাংগঠনিক সংশ্লিষ্টতা নেই।এ ধরনের তথ্য প্রচারকে সংগঠনটির ভাবমূর্তি ক্ষুণ্ন করার প্রচেষ্টা হিসেবে উল্লেখ করে এর প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।তবে বিবৃতিতে একই সঙ্গে বলা হয়, একজন শিক্ষার্থীর অভিযোগের পর হল প্রশাসনের তদন্তের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিয়েছে, সেটিকে তারা সম্মান করে। পাশাপাশি শিক্ষার্থীর ওপর যেকোনো ধরনের শারীরিক হামলার বিরোধিতার কথাও জানানো হয়েছে।আব্দুল্লাহ আল মাহফুজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থী। ২০২৫ সালের নভেম্বরে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির-সমর্থিত প্যানেল বিজয়ী হওয়ার পর তাকে বিভিন্ন স্লোগান দিতে দেখা গিয়েছিল বলে জানা গেছে। তখন ‘লন্ডন হতে জানেন নাকি সাদিক কায়েম ডাকসু ভিপি’ এবং ‘তারেক রহমান জানেন নাকি সাদিক কায়েম ডাকসু ভিপি’—এ ধরনের স্লোগান দেওয়ার অভিযোগও ওঠে।তবে এসব বিষয়কে কেন্দ্র করে তার রাজনৈতিক পরিচয় নিয়ে আলোচনা থাকলেও ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা তার সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক থাকার বিষয়টি অস্বীকার করেছে। এদিকে, হল প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী ৬ আগস্ট থেকে আগামী ছয় মাস মাহফুজ বিজয় একাত্তর হলে থাকতে পারবেন না এবং তার নির্ধারিত আবাসিক সিটও বাতিল থাকবে।স্কাই টাইমস / এমএ / ০৮ আগস্ট