উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক ||
গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে তীব্র হতাশা ও উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। একই সঙ্গে দেশের তরুণদের গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও সাংবিধানিক উপায়ে পরিবর্তনের জন্য সংগঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।শুক্রবার (৮ আগস্ট) গভীর রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সরকারের কার্যক্রম পর্যালোচনার অভিজ্ঞতা তুলে ধরে পাটওয়ারী বলেন, তিনি যত গভীরভাবে সরকারের কর্মকাণ্ড পর্যালোচনা করেছেন, ততই তাঁর কাছে পরিস্থিতি হতাশাজনক মনে হয়েছে।সরকারের কর্মকাণ্ডকে কঠোর ভাষায় সমালোচনা করে তিনি লেখেন, এটি তাঁর কাছে ‘দুর্গন্ধযুক্ত ডাস্টবিনের’ মতো মনে হয়েছে। তাঁর দাবি, সরকারের এমন অনেক সিদ্ধান্ত ও কর্মকাণ্ড রয়েছে, যেগুলো দেশের জন্য ক্ষতিকর ও উদ্বেগজনক বলে তাঁর কাছে মনে হয়েছে।সরকারের প্রতি এখনো আস্থা রাখা ব্যক্তিদের বাস্তবতা যাচাই এবং বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলার আহ্বান জানান এনসিপির এই নেতা।তিনি বলেন, শুধু আস্থার ওপর নির্ভর না করে বাস্তবতা যাচাই করতে হবে এবং নিজের বিবেক দিয়ে পরিস্থিতি বিচার করতে হবে। একই সঙ্গে দেশের সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ সবচেয়ে বড় ঝুঁকির মধ্যে রয়েছে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।পাটওয়ারীর পোস্টের বড় একটি অংশজুড়ে ছিল তরুণ প্রজন্মের প্রতি আহ্বান। তিনি বলেন, একটি ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক ও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা থাকলে তরুণদের গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও সাংবিধানিক উপায়ে পরিবর্তনের জন্য সংগঠিত হতে হবে।পরিবর্তনের দায়িত্ব অন্য কারও হাতে ছেড়ে না দিয়ে তরুণদের নিজেদের নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জনের ওপরও গুরুত্ব দেন তিনি।পাটওয়ারী তরুণদের উদ্দেশে বলেন, নিজেদের শক্তি, সততা ও সক্ষমতার ওপর বিশ্বাস রাখতে হবে।নাসীরুদ্দীন পাটওয়ারীর এই বক্তব্য এমন সময়ে এলো, যখন দেশের রাজনৈতিক অঙ্গনে গ্যাসের দাম বৃদ্ধি, বিদ্যুতের দাম বৃদ্ধি, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিসহ বিভিন্ন ইস্যুতে সরকার ও রাষ্ট্রের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে নানা ধরনের আলোচনা ও বিতর্ক চলছে। স্কাই টাইমস/ এমএ/ ০৮ আগস্ট