উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক ||
মাত্র দুই দিনের ব্যবধানে দেশের অন্তত ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রসংগঠনগুলোর মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলার ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বিভিন্ন ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীসহ প্রায় দেড় শতাধিক মানুষ আহত হয়েছেন। এসব ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তাহীনতা, হতাশা এবং শিক্ষাঙ্গনে পুরোনো সহিংস রাজনৈতিক সংস্কৃতি ফিরে আসার আশঙ্কা তৈরি হয়েছে।সোমবার (৩ আগস্ট) রাত থেকে বুধবার (৫ আগস্ট) পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, সরকারি আলিয়া মাদ্রাসা, সরকারি গ্রাফিক আর্টস ইনস্টিটিউট, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, বরিশাল বিশ্ববিদ্যালয়, বিএম কলেজ, সরকারি বাংলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ এবং নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে সংঘর্ষের খবর পাওয়া গেছে।সবচেয়ে বড় সংঘর্ষের ঘটনা ঘটে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে।বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত একটি প্রদর্শনীতে টানানো ‘জুডিশিয়াল কিলিং’ শীর্ষক ব্যানারকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এতে অন্তত সাতজন আহত হন।অন্যদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইউজিসি চেয়ারম্যানের উপস্থিতিতে আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড নিয়ে প্রবেশকে কেন্দ্র করে জকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের বাগ্বিতণ্ডা শুরু হয়। পরে এতে ছাত্রদল নেতারা জকসুর নির্বাচিত নেতাদের মারধর করার অভিযোগ ওঠে। এতে প্রায় ৭০ জন আহত হন। পরবর্তীতে এর রেশ ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল এলাকাতেও ছড়িয়ে পড়ে।একই দিনে ঢাকা কলেজে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে দায়িত্ব পালনরত শিবিরের কয়েকজনের ওপর ছাত্রদল হামলা করে। এতে উত্তেজনা সৃষ্টি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।রাজধানীর সরকারি আলিয়া মাদ্রাসায় আবাসিক হলের নিয়ন্ত্রণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মন্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে প্রতিষ্ঠানটির অধ্যক্ষসহ উভয় পক্ষের কয়েকজন আহত হন।এ ছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয়, বিএম কলেজ, তিতুমীর কলেজসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানে সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটে।এসব ঘটনার পর সাধারণ শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ বেড়েছে। শিক্ষার্থীরা বলছেন, সাম্প্রতিক সংঘর্ষের পর ক্যাম্পাসে যেতে ভয় লাগছে। শিক্ষার্থীদের ওপর হামলা এবং হাসপাতালে ঢুকে হামলার মতো ঘটনা নিরাপদ শিক্ষার পরিবেশ নিয়ে নতুন করে শঙ্কা তৈরি করেছে। অতীতের সহিংস রাজনীতি আবার ফিরে আসছে কি না, সেই প্রশ্নও সামনে এসেছে।ঢাকা কলেজের অর্থনীতি এক শিক্ষার্থী বলেন, রাজনৈতিক সংঘর্ষের সবচেয়ে বড় ভুক্তভোগী সাধারণ শিক্ষার্থীরা। তিনি শিক্ষাপ্রতিষ্ঠানে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।কবি নজরুল সরকারি কলেজের এক শিক্ষার্থী বলেন, জুলাই-পরবর্তী সময়ে সহাবস্থান ও মুক্তচিন্তার যে প্রত্যাশা ছিল, সাম্প্রতিক ঘটনাগুলো তা প্রশ্নবিদ্ধ করেছে। তিনি শিক্ষাঙ্গনে পেশিশক্তিনির্ভর রাজনীতি বন্ধের দাবি জানান।স্কাই টাইমস/ এমএ/ ০৬ আগস্টএদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান মামুনের মতে, সাম্প্রতিক সংঘর্ষগুলো বিচ্ছিন্ন নয়; বরং দীর্ঘদিনের রাজনৈতিক দলীয়করণের ধারাবাহিক ফল। তিনি বলেন, বিভিন্ন সময় বিভিন্ন সরকার বিশ্ববিদ্যালয়গুলোকে দলীয় প্রভাবের আওতায় এনেছে। এর ফলে শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সাধারণ শিক্ষার্থীরাই সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন।তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে দলীয় প্রভাবমুক্ত করে শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত না করা গেলে ভবিষ্যতে এ ধরনের সংঘাত আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।সাম্প্রতিক ঘটনাগুলোর পর শিক্ষার্থীরা শিক্ষাঙ্গনে সহিংসতা বন্ধ, নিরাপদ পরিবেশ নিশ্চিত এবং রাজনৈতিক সহাবস্থান প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন।