উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক ||
বাংলাদেশি ভিসাপ্রত্যাশীদের লক্ষ্য করে প্রতারণার অভিযোগে সতর্কবার্তা জারি করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। হাইকমিশনের কর্মকর্তার পরিচয় ব্যবহার করে ভিসা বা অন্যান্য কনস্যুলার সেবা দেওয়ার নামে অর্থ আদায়ের চেষ্টা করা হচ্ছে বলে জানানো হয়েছে।বুধবার প্রকাশিত এক সতর্কবার্তায় ভারতীয় হাইকমিশন জানায়, কিছু প্রতারক নিজেদের হাইকমিশনের কর্মকর্তা পরিচয় দিয়ে ফোন, হোয়াটসঅ্যাপ, ই-মেইল বা সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে যোগাযোগ করছে। তারা অর্থের বিনিময়ে ভিসা বা কনস্যুলার সেবা পাইয়ে দেওয়ার ভুয়া আশ্বাস দিচ্ছে।হাইকমিশন স্পষ্ট করে জানিয়েছে, তাদের কোনো কর্মকর্তা ব্যক্তিগতভাবে ফোন, বার্তা বা সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগ করে ভিসা দেওয়ার প্রতিশ্রুতি দেন না এবং কোনো ধরনের অর্থও দাবি করেন না। সব ভিসা আবেদন নির্ধারিত সরকারি প্রক্রিয়ায় নিষ্পত্তি করা হয়।এ কারণে সন্দেহজনক কোনো ফোনকল, বার্তা বা প্রস্তাব পেলে কোনো অবস্থাতেই অর্থ লেনদেন না করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি পাসপোর্টের কপি, ব্যাংক হিসাবের তথ্য কিংবা অন্য কোনো ব্যক্তিগত তথ্য অপরিচিত ব্যক্তির কাছে না দেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।হাইকমিশন আরও জানিয়েছে, কেউ যদি এ ধরনের প্রতারণার শিকার হন বা এমন কোনো প্রচেষ্টার মুখোমুখি হন, তাহলে দ্রুত বিষয়টি কর্তৃপক্ষকে জানাতে হবে। অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট ফোন নম্বর, স্ক্রিনশট বা অন্যান্য প্রমাণ [visa.dhaka@mea.gov.in](mailto:visa.dhaka@mea.gov.in) ঠিকানায় পাঠানোর অনুরোধ করা হয়েছে।একই সঙ্গে সাধারণ মানুষকে ভিসাসংক্রান্ত প্রতারণা সম্পর্কে সচেতন থাকার এবং অন্যদেরও এ বিষয়ে সতর্ক করার আহ্বান জানিয়েছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন।স্কাই টাইমস/ এমএ/ ০৫ আগস্ট