উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক ||
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রদর্শিত একটি তথ্যচিত্রকে ঘিরে সৃষ্ট উত্তেজনা নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।বুধবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, অনুষ্ঠানে উপস্থিত হওয়ার পর তিনি দেখতে পান, তথ্যচিত্রে কিছু বিষয় নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা অসন্তোষ প্রকাশ করছেন।রাশেদ খাঁনের ভাষ্য অনুযায়ী, পরিস্থিতি শান্ত করতে তিনি এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের সঙ্গে কথা বলেন এবং পরে স্বরাষ্ট্রমন্ত্রী ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন।তিনি জানান, তথ্যচিত্রে ত্রুটি থাকার বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী দুঃখ প্রকাশ করেন এবং তা সংশোধনের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।রাশেদ খাঁন আরও বলেন, পরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে মঞ্চে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়া হয়, যাতে তারা তাদের আপত্তি ও বক্তব্য প্রকাশ করতে পারেন।তার দাবি, ওই সময় তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছেন, যাতে বক্তারা কোনো ধরনের অপ্রত্যাশিত প্রতিক্রিয়ার মুখে না পড়েন। তবে তিনি উল্লেখ করেন, নিজের বক্তব্যের সময় জামায়াত ও এনসিপির কিছু নেতাকর্মী প্রতিক্রিয়া দেখিয়েছিলেন। তিনি এটিকে গণতান্ত্রিক পরিবেশের অংশ হিসেবে উল্লেখ করে বলেন, সমালোচনা ও আলোচনা গণতন্ত্রের স্বাভাবিক বৈশিষ্ট্য।একই সঙ্গে তিনি মন্তব্য করেন, রাষ্ট্রীয় বা সর্বজনীন অনুষ্ঠানে মত প্রকাশের পাশাপাশি শৃঙ্খলা বজায় রাখাও গুরুত্বপূর্ণ। তার মতে, সংশ্লিষ্ট পক্ষগুলোকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ায় তারা নিজেদের অবস্থান তুলে ধরতে পেরেছেন।পোস্টের শেষাংশে রাশেদ খাঁন দাবি করেন, তথ্যচিত্রে ভুল থাকুক বা না থাকুক, বিরোধী দল একটি পরিকল্পনা নিয়েই অনুষ্ঠানে এসেছিল। একই সঙ্গে তিনি বলেন, এ ঘটনা সরকারকে ভবিষ্যতে আরও সতর্ক থাকার বার্তা দিয়েছে।স্কাই টাইমস/ এমএ/ ০৫ আগস্ট