উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক ||
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনার নির্দেশে শত শত মানুষ চোখ হারিয়েছিলেন। দুই বছর পরও একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে বলে তিনি দাবি করেন।সোমবার (৩ আগস্ট) রাজধানীতে ‘শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার ১ দফা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘শেখ হাসিনার পথ ধরেই তারেক রহমান একজন কিশোরের চোখ কেড়ে নিয়েছেন। তিনি কোথায় গিয়ে থামবেন, সেটা তাকেই ঠিক করতে হবে।’নাহিদ ইসলাম বলেন, এনসিপি ১ আগস্টের কর্মসূচি শহীদ পরিবার ও আহতদের সঙ্গে পালন করেছে, কারণ তাদের মতে, জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত রূপকার তারাই। তিনি বলেন, আন্দোলনের উদ্দেশ্য শুধু সরকারের পরিবর্তন নয়; ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থার অবসান ঘটিয়ে নতুন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করাই ছিল মূল লক্ষ্য।তার দাবি, দুই বছর পেরিয়ে গেলেও জুলাই সনদের বাস্তবায়ন হয়নি, শহীদ পরিবারের বিচার নিশ্চিত হয়নি এবং আহতদের পুনর্বাসনও সম্পন্ন হয়নি। তিনি অভিযোগ করেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্রীয় সংস্কার এগোয়নি এবং দেশের বিভিন্ন স্থানে গ্যাস, বিদ্যুৎ ও কর্মসংস্থান সংকট মানুষের দুর্ভোগ বাড়িয়েছে।এনসিপির আহ্বায়ক বলেন, আন্দোলনের এক দফা দাবির মধ্যে শুধু শেখ হাসিনার পদত্যাগ নয়, এমন একটি রাষ্ট্রব্যবস্থা গঠনের কথা ছিল যেখানে ভবিষ্যতে আর স্বৈরতন্ত্র বা রাষ্ট্রীয় নিপীড়নের পুনরাবৃত্তি হবে না। কিন্তু সেই লক্ষ্য এখনো পূরণ হয়নি বলে তিনি মন্তব্য করেন।বিএনপির সমালোচনা করে নাহিদ ইসলাম অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার গঠনের সময় থেকেই দলটি বিচার ও সংস্কার প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করেছে। তার ভাষ্য, বিভিন্ন জেলায় দায়ের হওয়া মামলার কারণে বিচারপ্রক্রিয়া দুর্বল হয়েছে এবং অনেক অভিযুক্ত জামিনে মুক্তি পেয়েছেন।তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের কর্মীদের বিরুদ্ধে এখনো মামলা হচ্ছে, অথচ হামলার অভিযোগে অভিযুক্তদের অনেকেই জামিন পাচ্ছেন। একই সঙ্গে শহীদ পরিবার ও আহতদের ওপর চাপ প্রয়োগের অভিযোগও করেন তিনি।রাষ্ট্র সংস্কারের বিষয়ে নতুন সংবিধান প্রণয়নের দাবি পুনর্ব্যক্ত করে নাহিদ ইসলাম বলেন, ১৯৭২ সালের সংবিধানের কাঠামোর মধ্যে থেকে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়। বিচারব্যবস্থা, প্রশাসন, গণমাধ্যম ও অর্থনৈতিক কাঠামোয় সংস্কার ছাড়া নতুন বাংলাদেশ গড়ে তোলা যাবে না।তিনি জুলাই গণহত্যা, ওসমান হাদি হত্যা এবং গুম-খুনের ঘটনাগুলোর বিচার দ্রুত সম্পন্নের জন্য সরকারের কাছে সুস্পষ্ট রোডম্যাপ দাবি করেন। অন্যথায় এনসিপি ও সমমনা রাজনৈতিক শক্তি আন্দোলন আরও জোরদার করবে বলেও জানান।জাতীয় ঐক্যের প্রসঙ্গে তিনি বলেন, ৫ আগস্ট পর্যন্ত ঐক্যের ভিত্তি ছিল শেখ হাসিনার পতন। এখন সেই ভিত্তি হওয়া উচিত বিচার, রাষ্ট্র সংস্কার এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। সরকার এ বিষয়ে আন্তরিক না হলে জনগণই রাজনৈতিকভাবে জবাব দেবে বলে মন্তব্য করেন তিনি।স্কাই টাইমস/ এমএ/ ০৩ আগস্ট