উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাকসুদ আলম ||
রাজধানীর উত্তরখান এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলার জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, স্থানীয় সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন এবং পুলিশের সদস্যরাও হামলার শিকার হন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।রোববার (২ আগস্ট) উত্তরখানের রাজাবাড়ি এলাকার একটি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) কেন্দ্র করে এ ঘটনা ঘটে। প্রাথমিক তথ্য অনুযায়ী, সকালে এসটিএসে দায়িত্ব পালনরত পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে নেপচুন এক্সেসরিজ গার্মেন্টসের মালিকপক্ষের লোকজনের সংঘর্ষ বাধে। এতে চারজন পরিচ্ছন্নতাকর্মী গুরুতর আহত হন। এছাড়া আরও অন্তত ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনার পর দুপুরে পরিস্থিতি পর্যবেক্ষণে ঘটনাস্থলে যান ডিএনসিসি প্রশাসক, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য, সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং পুলিশের ঊর্ধ্বতন সদস্যরা। এ সময় পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে গার্মেন্টস কর্তৃপক্ষের লোকজনের আবারও বাকবিতণ্ডা শুরু হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে প্রশাসক ও সংসদ সদস্যের উপস্থিতিতেই তাদের লক্ষ্য করে হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়।এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে গার্মেন্টস মালিকপক্ষের একজনসহ মোট তিনজনকে আটক করে।পরে ডিএনসিসি প্রশাসক ও সংসদ সদস্য হাসপাতালে গিয়ে আহত পরিচ্ছন্নতাকর্মীদের চিকিৎসার খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।স্কাই টাইমস / এমএ / ০২ আগস্ট