উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক ||
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, শক্তিশালী গণতন্ত্র, স্বাধীন বিচারব্যবস্থা এবং আইনের নিরপেক্ষ প্রয়োগ ছাড়া বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করা সম্ভব নয়।শনিবার (১ আগস্ট) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘সম্প্রীতির জুলাই: জুলাই গণঅভ্যুত্থানে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের অবদান’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থান শুরু থেকেই ছিল সর্বস্তরের মানুষের অংশগ্রহণে গড়ে ওঠা একটি আন্দোলন। বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মানুষ এতে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। তিনি উল্লেখ করেন, আন্দোলনের সময় সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তত নয়জন সদস্য প্রাণ হারান।আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, অতীতে দলটি সংখ্যালঘু সম্প্রদায়কে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে এবং নিজেদের ধর্মনিরপেক্ষ হিসেবে তুলে ধরে রাজনৈতিক প্রতিপক্ষকে সাম্প্রদায়িক হিসেবে চিত্রিত করার চেষ্টা করেছে।সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশে নাহিদ বলেন, তাদের কোনো একটি রাজনৈতিক দলের ওপর নির্ভরশীল হওয়া উচিত নয়। বরং সব রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক বজায় রাখা প্রয়োজন। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব রয়েছে সংখ্যালঘু জনগোষ্ঠীর আস্থা অর্জন এবং তাদের নিরাপত্তাহীনতা দূর করার।জুলাই-পরবর্তী পরিস্থিতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, সে সময় হামলার আশঙ্কায় মাদ্রাসার শিক্ষার্থীরা হিন্দু মন্দির পাহারা দিয়েছিলেন। তবে এমন পরিস্থিতি যেন আর কখনো সৃষ্টি না হয়, সেটিই সবার প্রত্যাশা। তার ভাষায়, জুলাইয়ের ঘটনাপ্রবাহ দেখিয়েছে যে সংকটের মুহূর্তে মানুষ বিভেদ ভুলে একসঙ্গে দাঁড়াতে পারে।নাহিদ ইসলাম স্বীকার করেন, গণঅভ্যুত্থানের পরও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর কিছু হামলা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তিনি এসব ঘটনার সুষ্ঠু তদন্ত এবং হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের ন্যায্য দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানান।তিনি আরও বলেন, জবাবদিহি শুধু গুম ও হত্যাকাণ্ডের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত নয়; অতীতের বিভিন্ন সময়ে সংখ্যালঘুদের ওপর হামলা এবং তাদের জমি দখলের ঘটনাগুলোরও বিচার নিশ্চিত করতে হবে।বর্তমান সরকারের সমালোচনা করে এনসিপি আহ্বায়ক বলেন, বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর চাপ সৃষ্টি ও ভীতির পরিবেশ আবারও ফিরে আসছে বলে তাদের আশঙ্কা। দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট মোকাবিলায় জাতীয় ঐক্যের প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।নাহিদের মতে, সরকার যদি ‘জুলাই সনদ’ বাস্তবায়ন, জবাবদিহি নিশ্চিত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিত, তাহলে বিরোধী দলগুলো সরকারের সঙ্গে গঠনমূলক সহযোগিতা করতে পারত।এনসিপির যুগ্ম সদস্যসচিব প্রীতম দাসের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধি এবং দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।স্কাই টাইমস/ এমএ/ ০২ আগস্ট