উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক ||
চট্টগ্রাম বিভাগের সাম্প্রতিক ভারী বর্ষণ, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ২ লাখ ইউরো মানবিক সহায়তা ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ সহায়তা কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ির ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য ব্যয় করা হবে।শুক্রবার (৩১ জুলাই) ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল এক বিজ্ঞপ্তিতে জানায়, এই অর্থায়নের মাধ্যমে প্রায় ১ লাখ ২৫ হাজার রোহিঙ্গা শরণার্থী এবং ক্ষতিগ্রস্ত স্থানীয় বাসিন্দারা জরুরি সহায়তা পাবেন।সহায়তার আওতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জরুরি আশ্রয় সামগ্রী বিতরণ এবং ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পুনর্নির্মাণে সহায়তা করবে। পাশাপাশি পানি ও স্যানিটেশন অবকাঠামো মেরামত, কৃষিকাজের জন্য বীজ ও বাগান সামগ্রী বিতরণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নগদ অর্থ সহায়তা দেওয়া হবে।এ ছাড়া নারী, কিশোরী ও বিশেষ সুরক্ষার প্রয়োজন রয়েছে এমন ব্যক্তিদের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য ও সুরক্ষা সামগ্রী, তথ্যসেবা এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হবে। ভূমিধস প্রতিরোধে ‘ক্যাশ-ফর-ওয়ার্ক’ কর্মসূচির মাধ্যমে ক্ষতিগ্রস্ত এলাকায় পুনর্বাসন কার্যক্রমও পরিচালিত হবে।ইইউ জানিয়েছে, শুধু তাৎক্ষণিক সহায়তাই নয়, ভবিষ্যতে বন্যা, ভূমিধস ও অন্যান্য দুর্যোগ মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ কর্মসূচিও বাস্তবায়ন করা হবে।এই অর্থায়ন আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির দুর্যোগ প্রতিক্রিয়া জরুরি তহবিলে (ডিআরইএফ) ইউরোপীয় ইউনিয়নের সামগ্রিক অবদানের অংশ।গত ৫ জুলাই মৌসুমি নিম্নচাপের প্রভাবে টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম বিভাগে বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়। ১৩ জুলাই পর্যন্ত পাওয়া তথ্যে, এসব দুর্যোগে ১১ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হন, প্রাণ হারান অন্তত ৩০ জন এবং বাস্তুচ্যুত হন ৩৮ হাজারেরও বেশি মানুষ।দুর্যোগে রোহিঙ্গা শিবির ও আশপাশের এলাকায় হাজারো আশ্রয়কেন্দ্র, পানি ও স্যানিটেশন ব্যবস্থা, যোগাযোগ অবকাঠামো এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। শুধু রোহিঙ্গা শিবিরেই ৪ হাজার ৩০০টির বেশি আশ্রয়কেন্দ্র এবং শত শত পানি ও স্যানিটেশন স্থাপনা ক্ষতির মুখে পড়ে।স্কাই টাইমস/ এমএ/ ৩১ জুলাই