উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিউজ ডেস্ক ||
ক্যানসার চিকিৎসায় নতুন সম্ভাবনার কথা জানিয়েছে রাশিয়া। দেশটির গবেষকদের দাবি, তাদের উদ্ভাবিত নতুন প্রজন্মের ক্যানসার ভ্যাকসিন গ্রহণকারী প্রথম রোগীর শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থা কার্যকরভাবে সাড়া দিয়েছে এবং ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ের সক্ষমতা তৈরি হয়েছে।সম্প্রতি রাশিয়ার গামালেয়া রিসার্চ ইনস্টিটিউটের বৈজ্ঞানিক পরিচালক অ্যালেক্সান্দর গিন্সবার্গ এ তথ্য জানান। তিনি বলেন, পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা এমআরএনএভিত্তিক ক্যানসার ভ্যাকসিন রোগীর শরীরে টিউমারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ইতিবাচক ফল দেখিয়েছে।রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় ২০২৫ সালে দেশীয় প্রযুক্তিতে তৈরি দুটি ব্যক্তিকেন্দ্রিক (পারসোনালাইজড) ক্যানসার চিকিৎসার অনুমোদন দেয়। এর একটি উন্নত পর্যায়ের মেলানোমার জন্য তৈরি এমআরএনএভিত্তিক ভ্যাকসিন ‘নিওঅনকোভ্যাক’ এবং অন্যটি কোলোরেক্টাল ক্যানসারের জন্য তৈরি পেপটাইডভিত্তিক ওষুধ ‘অনকোপেপ্ট’।গত এপ্রিল মাসে প্রথমবারের মতো একজন রোগীর শরীরে ‘নিওঅনকোভ্যাক’ প্রয়োগ করা হয়। ৬০ বছর বয়সী ওই ব্যক্তি তৃতীয় পর্যায়ের মেলানোমা এবং শরীরের অন্যান্য অঙ্গে ছড়িয়ে পড়া ক্যানসারে আক্রান্ত ছিলেন। বর্তমানে মস্কোর হার্জেন অনকোলজি রিসার্চ ইনস্টিটিউটে তার চিকিৎসা চলছে।গবেষকদের ভাষ্য অনুযায়ী, ভ্যাকসিনটি রোগীর শরীরে এমন প্রতিরোধী কোষ ও অণু সক্রিয় করছে, যা টিউমার এবং ছড়িয়ে পড়া ক্যানসার কোষের বিরুদ্ধে কাজ করছে। চিকিৎসার অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং রোগীকে আরও দুটি ডোজ দেওয়ার পরিকল্পনা রয়েছে।গামালেয়া ইনস্টিটিউট জানিয়েছে, পরবর্তী ধাপের পরীক্ষার জন্য আরও ১০ জন মেলানোমা রোগীর উপযোগী কাস্টমাইজড ভ্যাকসিন প্রস্তুতের কাজ চলছে। আগামী দেড় থেকে তিন মাসের মধ্যে সেগুলো প্রস্তুত হওয়ার আশা করা হচ্ছে।রাশিয়ার ন্যাশনাল মেডিকেল রিসার্চ সেন্টার অব রেডিওলজির প্রধান আন্দ্রেই কাপরিন এই প্রযুক্তিকে ক্যানসার চিকিৎসায় সম্ভাবনাময় অগ্রগতি হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ‘অনকোপেপ্ট’ গ্রহণকারী কয়েকজন রোগীর ক্ষেত্রেও রোগ প্রতিরোধ ব্যবস্থার ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।গবেষকেরা এখন মেলানোমার পাশাপাশি অগ্ন্যাশয়, কিডনি এবং নন-স্মল সেল ফুসফুসের ক্যানসারের চিকিৎসায়ও একই প্রযুক্তি প্রয়োগের সম্ভাবনা নিয়ে কাজ করছেন।তবে বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন, এটি এখনো পরীক্ষামূলক পর্যায়ের চিকিৎসা। বৃহৎ পরিসরের ক্লিনিক্যাল ট্রায়াল সম্পন্ন হওয়ার পরই ভ্যাকসিনটির নিরাপত্তা ও কার্যকারিতা সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে।স্কাই টাইমস/ এমএ/ ৩১ জুলাই