উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাকসুদ আলম ||
আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত কথিত গুম ও হত্যাকাণ্ডের ঘটনায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে চলমান মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সাক্ষ্য দিয়েছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. মনিরুল হক।বৃহস্পতিবার ট্রাইব্যুনালে দেওয়া জবানবন্দিতে তিনি দাবি করেন, ২০১০ সালের দিকে সুন্দরবন এলাকায় পরিচালিত একটি অভিযানে তিনি এমন একটি ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন, যেখানে চোখ ও হাত বাঁধা এক ব্যক্তিকে নৌকায় নিয়ে গুলি করার পর তার মরদেহ পানিতে ফেলে দেওয়া হয়। পরে আরও কয়েক দফা গুলির শব্দ এবং একই ধরনের ঘটনা ঘটতে শুনেছেন বলেও তিনি আদালতকে জানান।মনিরুল হক জানান, সে সময় তিনি র্যাব-৮-এর অধিনায়ক হিসেবে কর্মরত ছিলেন। তাঁর ভাষ্য অনুযায়ী, র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা বিভিন্ন অভিযানে সরাসরি নেতৃত্ব দিত এবং সংশ্লিষ্ট ব্যাটালিয়নগুলো প্রশাসনিক ও লজিস্টিক সহায়তা প্রদান করত। তিনি দাবি করেন, ভোলা ও সুন্দরবন এলাকায় পরিচালিত অন্তত তিনটি অভিযানে নিহতদের মরদেহ উদ্ধার হয়েছিল এবং এসব ঘটনাকে তাঁর কাছে ‘সাজানো অভিযান’ বলে মনে হয়েছে।জবানবন্দিতে তিনি আরও বলেন, র্যাবের বিভিন্ন অধিনায়ক সম্মেলনে গ্রেপ্তার হওয়া অপরাধীদের পুনরায় অপরাধে জড়িয়ে পড়ার বিষয়টি আলোচনায় আসত। সে সময় তৎকালীন মহাপরিচালক মোখলেছুর রহমান ‘ওয়াজিবাতুল কতল’ শব্দটি ব্যবহার করে নির্দেশনা দিতেন বলে তিনি আদালতে উল্লেখ করেন।মনিরুল হক আরও জানান, সুন্দরবনের ওই অভিযানের কয়েক দিন পর শরণখোলা এলাকায় নদীতে একটি পেট কাটা মরদেহ ভেসে ওঠার খবর তিনি সংবাদমাধ্যমে দেখেন। পরে জানতে পারেন, সেটি তৎকালীন বিডিআর সদস্য নজরুলের মরদেহ বলে পরিচয় শনাক্ত করা হয়েছিল।জিয়াউল আহসানের বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণ কার্যক্রম চলমান রয়েছে।স্কাই টাইমস / এমএ / ৩১ জুলাই