উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাকসুদ আলম ||
জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আগামী ৫ আগস্ট রাজধানীর পল্টনে সমাবেশ করার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য। একই সঙ্গে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, ভবিষ্যৎ কর্মসূচি এবং সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় নিজেদের অবস্থান তুলে ধরেছে জোটটি।বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনের সামনে সাংবাদিকদের এ কর্মসূচির কথা জানান ১১–দলীয় ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। এর আগে সেখানে জোটের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠক শেষে হামিদুর রহমান আযাদ বলেন, ২৫ জুলাই সিলেট বিভাগীয় সমাবেশের মাধ্যমে ঘোষিত কর্মসূচির একটি ধাপ শেষ হয়েছে। আগামী ৩ আগস্ট ১১–দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠকে পরবর্তী রাজনৈতিক কর্মসূচি চূড়ান্ত করা হবে।সভায় উপস্থিত নেতারা সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। পাশাপাশি হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা ২০২৬’ কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়। জোটের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হামিদুর রহমান আযাদ অভিযোগ করেন, এনসিপির নেতাকর্মীদের ওপর সংঘটিত হামলার সঙ্গে বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়িত। তিনি দাবি করেন, রাজনৈতিক মতভেদ সহিংসতার মাধ্যমে নয়, গণতান্ত্রিক উপায়ে মোকাবিলা করা উচিত।এ সময় তিনি আরও অভিযোগ করেন, সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে এবং জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।লিয়াজোঁ কমিটির বৈঠকে এলডিপি, জাগপা, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, এনসিপি, বিডিপিসহ জোটের বিভিন্ন শরিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।স্কাই টাইমস / এমএ / ৩১ জুলাই