উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক ||
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অভিযোগ করেছে, বিরোধী রাজনৈতিক দলগুলোর কর্মসূচিতে বাধা ও হামলার ঘটনায় বর্তমান সরকার আওয়ামী লীগের শাসনামলের পথ অনুসরণ করছে। একই সঙ্গে হবিগঞ্জে হামলায় আহত জাতীয় ছাত্রশক্তির নেতা আলিফ চৌধুরীর চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার রাষ্ট্রকে বহন এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে দলটি।বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে (এনআইওএইচ) চিকিৎসাধীন আলিফ চৌধুরীকে দেখতে যাওয়ার পর আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।তিনি বলেন, হবিগঞ্জে হামলার ঘটনায় আলিফ চৌধুরী একটি চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি জানান, ক্ষতিগ্রস্ত চোখে আর দৃষ্টিশক্তি ফেরার সম্ভাবনা নেই। পাশাপাশি অন্য চোখেও ঝাপসা দেখার কারণে সেটিও ঝুঁকির মধ্যে রয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।আখতার হোসেন বলেন, শুধু হবিগঞ্জেই নয়, সংবাদ সম্মেলনের কিছুক্ষণ আগে সিলেটেও এনসিপির গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। তার দাবি, দলীয় নেতারা জুলাই অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে ফেরার পথে এই হামলার শিকার হন।তিনি অভিযোগ করেন, হবিগঞ্জের ঘটনার প্রতিবাদে কুড়িগ্রাম, দিনাজপুর, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে আয়োজিত এনসিপির বিক্ষোভ কর্মসূচিতেও ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়েছে। একই ঘটনায় বিরোধীদলীয় চিফ হুইপ ও নারী সংসদ সদস্যদেরও হেনস্তার শিকার হতে হয়েছে বলে দাবি করেন তিনি।এনসিপির সদস্য সচিবের ভাষ্য, দেশে এমন একটি রাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছে যেখানে বিরোধী দলগুলোর ওপর হামলা ও বাধা দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময় বিরোধী দলগুলোর সঙ্গে যে ধরনের আচরণ করা হতো, বর্তমান পরিস্থিতিও তার সঙ্গে সাদৃশ্যপূর্ণ।তিনি আরও বলেন, হবিগঞ্জে দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে অনুষ্ঠিত কর্মসূচি শান্তিপূর্ণ ছিল। সেখানে কোনো ধরনের সহিংসতা বা অস্ত্র প্রদর্শনের ঘটনা ঘটেনি। তবুও পুলিশ ব্যারিকেড ও ট্রাক দিয়ে রাস্তা বন্ধ করে কর্মসূচিতে বাধা দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।সংবাদ সম্মেলনে এনসিপি সরকারের কাছে তিন দফা দাবি জানায়। দাবিগুলো হলো—আলিফ চৌধুরীর চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার রাষ্ট্রীয়ভাবে বহন এবং তার পরিবারকে ক্ষতিপূরণ প্রদান, হবিগঞ্জসহ বিভিন্ন স্থানে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং এনসিপিসহ সব বিরোধী রাজনৈতিক দলের কর্মসূচি নির্বিঘ্নে পালনের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা।স্কাই টাইমস/ এমএ/ ৩০ জুলাই