উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক ||
সামাজিক যোগাযোগমাধ্যমে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে ঘিরে একটি ভিডিও ও কয়েকটি স্থিরচিত্র ছড়িয়ে পড়ার পর তা নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ভিডিওটির সত্যতা নিয়ে একদিকে প্রতিমন্ত্রী ও তার সমর্থকরা এআই দিয়ে তৈরী দাবি, অন্যদিকে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠানের প্রতিবেদনে ভিন্ন তথ্য তুলে ধরা হয়েছে। ফলে বিষয়টি নিয়ে আলোচনা ও বিতর্ক আরও তীব্র হয়েছে।প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, ভাইরাল হওয়া ভিডিও ও ছবিগুলোকে সম্পূর্ণ ভুয়া এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বলে দাবি করেছেন। তার ভাষ্য, তাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই এসব কনটেন্ট ছড়িয়ে দেওয়া হচ্ছে। তার সমর্থকদের পক্ষ থেকেও অভিযোগ করা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে এসব ছবি ও ভিডিও তৈরি করা হয়েছে।অন্যদিকে, ফ্যাক্ট-চেকভিত্তিক গণমাধ্যম দ্য ডিসেন্ট প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, তাদের হাতে আসা ভিডিও, ছবি ও কিছু স্ক্রিনশট একাধিক এআই শনাক্তকরণ টুলে পরীক্ষা করেও এগুলো এআই দিয়ে তৈরি—এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। প্রতিবেদনে আরও বলা হয়, সংশ্লিষ্ট কিছু তথ্য ও যোগাযোগ যাচাইয়ের চেষ্টা করা হয়েছে এবং এ বিষয়ে একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলা হয়েছে।তবে প্রতিবেদনে যার নাম উঠে এসেছে, সেই নারী গণমাধ্যমকে জানিয়েছেন, ভাইরাল হওয়া ছবি তার হলেও ভিডিও বা অন্যান্য প্রচারণা সম্পর্কে তিনি কিছু জানেন না। তার দাবি, সামাজিক মাধ্যমে যেভাবে বিষয়টি উপস্থাপন করা হচ্ছে, সে বিষয়ে তার কোনো ধারণা নেই।এদিকে মারিয়া সরকার এলিন নামে এক উপস্থাপিকা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে দাবি করেন, তার একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানের ছবি বিকৃতভাবে ব্যবহার করে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি বলেন, বিভিন্ন অনুষ্ঠান সঞ্চালনার কারণে বহু রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বের সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ ও ছবি রয়েছে। এসব ছবিকে ভিন্নভাবে উপস্থাপন করে তার ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে। তিনি এ ধরনের প্রচারণা বন্ধ না হলে আইনি ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দেন।পঞ্চগড়ে প্রতিমন্ত্রীর নির্বাচনী এলাকায় বিএনপির নেতাকর্মীরা সংবাদ সম্মেলন, বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। তাদের অভিযোগ, এআই ব্যবহার করে ভুয়া ছবি ও ভিডিও তৈরি করে প্রতিমন্ত্রীর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটির সত্যতা নিয়ে বিভিন্ন পক্ষের মধ্যে বিতর্ক অব্যাহত রয়েছে। তবে এখন পর্যন্ত ভিডিওটির সত্যতা বা অসত্যতা সম্পর্কে কোনো স্বাধীন সরকারি তদন্তের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়নি। ফলে বিষয়টি এখনও নিশ্চিতভাবে প্রমাণিত নয়।স্কাই টাইমস/ এমএ/ ৩০ জুলাই