উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ভারত ডেস্ক: ||
ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় এক অবসরপ্রাপ্ত সরকারি বাসচালকের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নগদ অর্থ ও স্বর্ণের বার উদ্ধার করেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।ইডি জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে বীরভূমের মোহাম্মদ বাজার এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়। দীর্ঘ সময় ধরে তল্লাশি চালিয়ে বাড়িটি থেকে প্রায় ২০ কোটি রুপি নগদ অর্থ এবং ১৫ কেজি স্বর্ণের বার জব্দ করা হয়।উদ্ধার হওয়া বিপুল পরিমাণ অর্থ গণনার জন্য ঘটনাস্থলে বিশেষ অর্থ গণনার যন্ত্র আনা হয়। পরে নগদ অর্থ ও স্বর্ণ নিরাপত্তার সঙ্গে জব্দ করে নিয়ে যায় তদন্তকারী সংস্থার কর্মকর্তারা।জানা গেছে, বাড়িটির মালিক মিনার মন্ডল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার (নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট করপোরেশন) সাবেক বাসচালক। তদন্তকারীরা তার পাশাপাশি তার ছেলেকেও জিজ্ঞাসাবাদ করেছেন।তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, মিনার মন্ডলের আত্মীয় পাথর ব্যবসায়ী টুলু মন্ডলের সঙ্গে এই ঘটনার সম্ভাব্য যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে। তবে অভিযানের পর থেকে টুলু মন্ডলকে পাওয়া যায়নি।তদন্তকারীরা মনে করছেন, বীরভূম অঞ্চলের পাথর খাতকে ঘিরে আর্থিক অনিয়ম ও অর্থ পাচারের অভিযোগের সূত্র ধরেই এই অভিযান পরিচালিত হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।এদিকে, পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনেও ঘটনাটি নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিরোধী দলগুলোর অভিযোগ, অবৈধ পাথর ব্যবসা ও আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর তদন্ত হওয়া উচিত। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।স্কাই টাইমস/ এমএ/ ৩০ জুলাই