উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আন্তর্জাতিক ডেস্ক: ||
ভারতের নিট (NEET) প্রশ্নফাঁস আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া সব মামলা প্রত্যাহারের দাবিতে আবারও কেন্দ্রীয় সরকারের ওপর চাপ বাড়িয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির অভিযোগ, আন্দোলন স্থগিতের আগে সরকারের পক্ষ থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের আশ্বাস দেওয়া হলেও সেই প্রতিশ্রুতি এখনো বাস্তবায়ন হয়নি। ভারতের সুপ্রিম কোর্ট সম্প্রতি এক অন্তর্বর্তী আদেশে ইতোমধ্যে দায়ের হওয়া এফআইআরগুলোর তদন্ত চলতে পারে বলে মন্তব্য করার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। সিজেপির দাবি, এই আদেশকে অজুহাত হিসেবে ব্যবহার করে বিভিন্ন রাজ্যে শিক্ষার্থী ও আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপ অব্যাহত রাখা হতে পারে। দলটির নেতারা বলেছেন, কেন্দ্রীয় সরকার প্রকাশ্যে প্রতিশ্রুতি দিয়েছিল যে আন্দোলনকারীদের বিরুদ্ধে নেওয়া আইনি ব্যবস্থা প্রত্যাহার করা হবে এবং কোনো শিক্ষার্থীকে হয়রানি করা হবে না। কিন্তু সেই প্রতিশ্রুতির সঙ্গে বর্তমান পরিস্থিতির মিল পাওয়া যাচ্ছে না। এ কারণে সরকারকে দ্রুত অবস্থান পরিষ্কার করার আহ্বান জানিয়েছে তারা। সিজেপি কেন্দ্রীয় সরকারকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে জানিয়েছে, শিক্ষার্থী ও আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের লিখিত ঘোষণা না এলে দেশজুড়ে নতুন করে আন্দোলন শুরু করা হবে। পাশাপাশি, যেসব শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে বা আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হচ্ছে, তাদের বিরুদ্ধে সব পদক্ষেপও বাতিল করার দাবি জানিয়েছে সংগঠনটি। দলটির মতে, নিট প্রশ্নফাঁস আন্দোলনের সময় হাজার হাজার শিক্ষার্থী শান্তিপূর্ণভাবে প্রতিবাদে অংশ নিয়েছিলেন। তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা বহাল থাকলে সরকারের সঙ্গে হওয়া সমঝোতার মূল উদ্দেশ্য ব্যাহত হবে এবং তরুণদের মধ্যে নতুন করে ক্ষোভ তৈরি হবে। এর আগে ককরোচ জনতা পার্টির নেতৃত্বে দেশজুড়ে চলা আন্দোলনের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। পরে কেন্দ্রীয় সরকারের সঙ্গে একাধিক দফা বৈঠকের পর আন্দোলন স্থগিত করা হয়। তবে মামলাগুলো প্রত্যাহার না হওয়ায় আন্দোলন আবারও শুরু হতে পারে বলে সতর্ক করেছে সংগঠনটি।এদিকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এ বিষয়ে নতুন কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ফলে শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে রাজনৈতিক অঙ্গন ও আন্দোলনকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। স্কাই টাইমস/ এমএ/ ৩০ জুলাই